
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের আইনি লড়াইয়ে ফের বড় ধাক্কা! শালবনি মামলায় আগেই তাঁকে গ্রেফতার করেছিল সিআইডি। এরপর আরও চারটি মামলায় তাঁকে ‘শোন অ্যারেস্ট’ করা হয়। এবার শালবনি বাদে বাকি চার মামলায় রক্ষাকবচ চেয়ে করা তাঁর আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য এই নির্দেশ দেন।
সুমিতের বিরুদ্ধে জমি দুর্নীতির অভিযোগ দায়ের হয়েছিল পশ্চিম মেদিনীপুরের শালবনি থানায়। গত সেপ্টেম্বরে ওই মামলায় তাঁকে গ্রেফতার করে সিআইডি। এ ছাড়া ডেবরায় এবং দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারেও তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ডায়মন্ড হারবারের সরিষার আশুতির ‘তৃণমূল কার্যালয়’ থেকে টাকা উদ্ধারের মামলায় উঠে আসে তাঁর নাম। ওই মামলার তদন্তে তাঁকে নিজেদের হেফাজতেও নেয় ডায়মন্ড হারবার পুলিশ। শালবনির জমি দুর্নীতি মামলা ছাড়াও এমন মোট চারটি মামলায় তাঁকে ‘শোন অ্যারেস্ট’ করেছে পুলিশ।
ওই চারটি মামলায় রক্ষাকবচ চেয়ে হাই কোর্টে মামলা করেছিলেন সুমিত। তাঁর আইনজীবী শঙ্করায়ন এবং অয়ন ভট্টাচার্য বৃহস্পতিবার আদালতে সওয়াল করেন, ওই চার মামলায় রক্ষাকবচ দেওয়ার জন্য। অন্য দিকে রাজ্যের তরফে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদারও জানান, সুপ্রিম কোর্টে তাঁর আগাম জামিনের আর্জি খারিজ হয়েছিল। তার পরেই তাঁকে গ্রেফতার করা হয়। এ অবস্থায় বিচারপতি ভট্টাচার্যের মন্তব্য, “রক্ষাকবচে এখন আর কোনও লাভ নেই।” কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হবে না বলেও জানান তিনি।উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর অভিষেকের কালীঘাটের বাড়ি থেকে তাঁর আপ্তসহায়ক সুমিতকে গ্রেফতার করেছিল সিআইডি। সে দিন শীর্ষ আদালতের রায় প্রকাশ্যে আসার পর পরই সুমিতকে ধরতে অভিষেকের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন সিআইডির আধিকারিকেরা। সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী। কালীঘাটে অভিষেকের বাড়িতে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে সে দিন ধস্তাধস্তিও হয় পুলিশের। কিছুক্ষণের বাগ্বিতণ্ডার পর বাড়ির ভিতরে প্রবেশ করে সিআইডি এবং গ্রেফতার করে সুমিতকে।
