
ঢাকা, ৩০ এপ্রিল : ফের অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। শনিবার রাতেই তাঁকে ভর্তি করা হয়েছে ঢাকার এক বেসরকারি হাসপাতালে। প্রাক্তন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, ‘বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার পরেই বিএনপি চেয়ারপার্সনকে হাসপাতালে কতদিন ভর্তি রাখা হবে তা নিয়ে সিদ্ধান্ত নেবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।’
শনিবার বিকেলে গুলশানের ফিরোজা থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা পরীক্ষার পরে তাঁকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। যদিও প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে বেশ কিছু উপসর্গ জটিল হওয়ায় কয়েকটি পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।
দীর্ঘদিন ধরেই তিনি আর্থারাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। এদিন রাতে খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন বিএনপি নেতা-কর্মীরা। অনেকেই রাতে বেসরকারি হাসপাতালে ছুটে যান।
