
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ৪০ হাজার কোটি টাকার সম্পদ ছেড়ে আজীবন ভিক্ষুর জীবন বেছে নিয়েছেন তিনি। সন্ন্যাসজীবনে এসে তাঁর নাম হয় ভেন আজাহন সিরিপানো৷ এই সন্ন্যাসীর বাবা ছিলেন আনন্দ কৃষ্ণণ, তিনি ৫ বিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির মালিক৷ শিল্পপতি মহলে ‘একে’ নামে পরিচিত এই টেলিকম সম্রাট অতীতে এয়ারসেল সংস্থার মালিক ছিলেন৷ জন্মসূত্রে এই তামিল টেলিকম-টাইকুনের বিশাল সম্পত্তির উত্তরাধিকার ছিলেন তাঁর পুত্র আজাহন৷ টেলিকমের পাশাপাশি সংবাদমাধ্যম, খনিজ তেল এবং গ্যাস, রিয়েল এস্টেট এবং উপগ্রহ ক্ষেত্রেও তাঁর বিনিয়োগ ছিল৷ ৯ টি বহুজাতিক সংস্থায় ছিল তাঁর শেয়ার৷ সীমাহীন সম্পত্তি তাঁকে করে তোলে মালয়েশিয়ার ধনীতমদের মধ্যে একজন৷
শিল্পপতি পরিচয়ের পাশপাশি আনন্দ একজন প্রথম সারির বৌদ্ধ সমাজসেবীও৷ বিভিন্ন ক্ষেত্রে প্রচুর অর্থ দান করে থাকেন তিনি৷ জানা গিয়েছে তাঁর সন্তান আজাহন মাত্র ১৮ বছর বয়সেই সন্ন্যাস গ্রহণ করেন৷ কেন তিনি সংসারত্যাগী সন্ন্যাস হন, তাঁর কোনও কারণ প্রকাশ্যে জানা যায় না৷ তবে জনশ্রুতি, কোনও এক ছুটিতে নিছক মজা করার জন্য তিনি পা রাখেন সন্ন্যাসজীবনে৷ কিন্তু সেই সাময়িক আচার আচরণই তাঁর জীবনে চিরস্থায়ী এবং গভীর হয়ে ওঠে৷ ধনকুবের বাবা ব্যবসা-রাজপাট সামলানোর পরিবর্তে সাধারণ ভিক্ষু-জীবনই তাঁর কাছে হয়ে ওঠে চুম্বক৷
