
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পোশাকের ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে প্রতি বছরই বদলে যায় গয়নার নকশা ও পরার ধরন। গত এক বছরে গয়নার ফ্যাশনেও এসেছে বেশ কিছু নজরকাড়া পরিবর্তন। হার, দুল, আংটি কিংবা ব্রেসলেট— সবই রয়েছে, তবে নতুন কিছু নকশা ও আকৃতির প্রতি বেড়েছে ফ্যাশনপ্রেমীদের ঝোঁক। পুজোর সময়ে সাজগোজে বাড়তি গুরুত্ব দেন বঙ্গললনারা। তাই দেবীপক্ষের আগে জেনে নেওয়া যাক, এ বছর গয়নার ফ্যাশনে কোন ট্রেন্ডগুলি নজর কাড়ছে।
১। পিঙ্কি রিং— পিঙ্কি রিং আসলে কড়ে আঙুলের আংটি। ভাল বাংলায় তর্জমা করে তাকে বলা যেতে পারে ‘কনিষ্ঠাঙ্গুরী’। ২০২৬ সালের ফ্যাশন ট্রেন্ডে এটিই সবচেয়ে বেশি জনপ্রিয় ফ্যাশন। পুরুষ-নারী নির্বিশেষে ফ্যাশনদুরস্ত শৌখিনীরা বাহারি আংটি দিয়ে সাজাচ্ছেন কড়ে আঙুল। কেউ একসঙ্গে একাধিক আংটি পরছেন কড়ে আঙুলে। কেউ আবার কড়ে আঙুলের আংটির সঙ্গে সাযুজ্য রেখে বাকি আঙুলগুলিতেও পরছেন আংটি।
২। ট্রান্সপারেন্ট জুয়েলারি— স্বচ্ছ গয়না। অর্থাৎ যা পরলে এপার-ওপার দেখা যাবে। হিরে থেকে শুরু করে দামি স্ফটিক (অর্থাৎ ক্রিস্টাল)— যত বেশি স্বচ্ছ, ততই তার দর। এ বছরের শুরুতে সামান্থা রুথ প্রভু তেমনই এক স্বচ্ছ হিরের আংটি পরে হাজির হয়েছিলেন বিয়ের মণ্ডপে। স্বচ্ছ হিরের আংটি রয়েছে নীতা অম্বানির বিশেষ গয়নার সংগ্রহেও। তবে কেবল হিরে কিংবা ক্রিস্টাল নয়, স্বচ্ছ গয়নার চাহিদা পূরণ করছে রেইজ়িন, কাচ এমনকি জেলি জুয়েলারিও। নানা রঙের বা জলরঙা স্বচ্ছ রেইজ়িনের তৈরি হার, রিস্টলেট, কাফ, দুল, ইত্যাদি বাজেট গয়না হিসাবে অত্যন্ত জনপ্রিয় হয়েছে। অনলাইনে পাওয়া যাচ্ছে তো বটেই , কলকাতার গড়িয়াহাট, হাতিবাগানে খোঁজ করলেও রেইজ়িনের স্বচ্ছ গয়না পেয়ে যেতে পারেন।
৩। বোল্ড কাফ— সরু রিস্টলেট এ বারে ফ্যাশনে পাত্তা পাচ্ছে না তেমন। বদলে নজর কাড়ছে জমকালো চওড়া কাফ ব্রেসলেট বা আর্মকাফ। ধাতব রঙের কারুকাজহীন বা নকশাদার, সাজ অনুযায়ী বেছে নিতে হবে। তবে এমন একটি কাফ হাতে পরলে গলায় বা কানে খুব ভারী গয়না না পরাই ভাল। কারণ সাজের মূল আকর্ষণ হয়ে থাকবে ওই কাফই। তাই সচেতন ভাবে গয়না বাছুন।
৪। সি শেল জুয়েলারি— ঝিনুক, শাঁখ, কড়ি, স্টারফিশ—সবই ধাতু দিয়ে গড়া। সোনালি অথবা রুপোলি কিংবা ব্রোঞ্জ রঙের। সেই সব দিয়েই তৈরি হচ্ছে হার, দুল বা মণিবন্ধের গয়না। কখনও একটি মাত্র ঝিনুকের আদলের লকেট কেউ ঝুলিয়ে নিচ্ছেন লম্বাটে মফ চেনের সঙ্গে। আবার কেউ ছোট ছোট ধাতব ঝিনুক, শাঁখ, কড়ি, স্টারফিশের চার্ম ঝুলিয়ে তৈরি করছেন সি সেল নেকলেস। অবশ্য ধাতুর বদলে কেউ যদি আসল সি শেল দিয়ে তৈরি গয়না পরতে চান, তবে তা-ও দেখতে ভালই লাগবে।
৫। মিনিমালিস্ট পোলকি— পোলকির গয়না মানেই ভারী। গলা জোড়া এবং ঝকঝকে! এই ধারণার জন্যই পোলকির গয়না তোলা থাকে বিয়ের মতো জমকালো অনুষ্ঠানের জন্য। কমবয়সিরা অনেক সময়ে অত ভারী গয়না পরতেও চান না। পরিবর্তনের প্রয়োজন বুঝে তাই পোলকি গয়নার কারিগরেরা এনেছেন মিনিমালিস্টিক নকশার গয়না। যা পার্টিতে যেমনপরা যাবে , তেমনই ছোটখাটো অনুষ্ঠানেও পরা যাবে। ভারতীয় ফ্যাশনদুনিয়ায় সেই গয়নার জনপ্রিয়তাও এ বছর বেড়েছে। অনলাইনে এমন হালকা পোলকি নকশার গয়না পাওয়া যাচ্ছে। অষ্টমীর সকালের লাল-সাদা জামদানির সঙ্গে তেমন একটি গয়না পরলে আপনিই হবেন মণ্ডপের আকর্ষণের কেন্দ্রবিন্দু।
