
পুদুচেরি, ৯ অক্টোবর : পুদুচেরির তট্টানচাওড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ক্ষমতাসীন এনআর কংগ্রেসের প্রার্থী অশোক আনন্দ ৮ হাজার ৪৭৪ ভোটে জয়লাভ করেছেন। তিনি মোট ১৩ হাজার ৩৫০টি ভোট পেয়েছেন| তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী বিনায়গম পেয়েছেন ৪ হাজার ৮৭৬টি ভোট। আর, দ্রাবিড় মুনেত্র কাজাগাম (ডিএমকে) প্রার্থী ৩ হাজার ২০০টি ভোট পেয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, তট্টানচাওড়ি কেন্দ্রে মোট ২১ হাজার ২৫৬টি ভোট পড়েছিল। অশোক আনন্দ-এর জয়ের ফলে পুদুচেরিতে এনআর কংগ্রেসের বিধায়ক সংখ্যা ১২-ই রইল।
উল্লেখ্য, তট্টানচাওড়ি বিধানসভা আসনটি মুখ্যমন্ত্রী এন. রঙ্গাস্বামীর ছেড়ে দেওয়ার পর শূন্য হয়েছিল। রঙ্গাস্বামী বিধানসভা নির্বাচনে তট্টানচাওড়ি এবং মঙ্গলম— এই দুটি আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন। পরবর্তীকালে তিনি তট্টানচাওড়ি আসনটি ছেড়ে দিলে এখানে উপনির্বাচন হয়। সম্প্রতি বিধানসভা নির্বাচনে রঙ্গাস্বামী তট্টানচাওড়ি আসনে ১০ হাজার ২৪টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। তিনি কংগ্রেস প্রার্থী বিনায়গমকে ৪ হাজার ৪৪১ ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন। এবার উপনির্বাচনে তাঁর দলের প্রার্থী অশোক আনন্দ ৮ হাজার ৪৭৪ ভোটের ব্যবধানে জয়লাভ করলেন। উপনির্বাচনের ফলাফলে কংগ্রেস ও ডিএমকে প্রার্থীদের পেছনে ফেলে জয় ছিনিয়ে নেন এনআর কংগ্রেস প্রার্থী। এই জয়ের ফলে নিজেদের শক্ত ঘাঁটি বজায় রাখতে সক্ষম হলো এনআর কংগ্রেস।
