
সিউল, ১৫ জুলাই: দক্ষিণ কোরিয়ায় দুই দিনের ভারী বর্ষণে ভূমিধস ও বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২২ জনের দাঁড়িয়েছে। আরও ১৪ জন নিখোঁজ রয়েছে। হাজার হাজার লোককে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার এমনটি জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বলা হয়েছে কেন্দ্রীয় এলাকায় ভূমিধসে ৮জন আটকা পড়ে আছেন। ইয়েংজুর পূর্ব কাউন্টি ও চেওংইয়ংয়ের কেন্দ্রীয় কাউন্টিতে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। শুক্রবার দক্ষিণ চুংচেং প্রদেশের ননসানের কেন্দ্রীয় শহরে একটি ভবন ধসে দুজনের মৃত্যু হয়। উত্তর গিয়ংসাং প্রদেশের বোংহওয়াতেও ভূমিধসে একটি বাড়ি ভেঙে পড়ে দুজন নিহত হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয় এক প্রতিবেদনে জানিয়েছে, ২২জনের মৃত্যুর খবর ছাড়াও আনুষ্ঠানিকভাবে ১৪ নিখোঁজ বলে জানা গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
প্রবল বৃষ্টিপাতের কারণে ভূমিধস ও অস্থায়ীভাবে ১৩টি শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কেন্দ্রীয় গোয়েসান জেলায় একটি স্থানীয় বাঁধ উপচে পড়ায় ছয় হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বন্যা-ভূমিধসে সাতজন আহত হয়েছে।
দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। দক্ষিণ কোরিয়ায় বর্তমানে গ্রীষ্মকালীন বর্ষাকাল চলছে। এ সময়ে বন্যা একটি নিয়মিত ঘটনা।
