International

2 years ago

Wedding bus accident in Australia:অস্ট্রেলিয়ায় বিয়ের বাস দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত, আহত আরও ২০

Wedding bus accident in Australia
Wedding bus accident in Australia

 

সিডনি, ১২ জুন : অস্ট্রেলিয়ায় একটি বিয়ের বাস দুর্ঘটনায় অন্তত ১০ জন মারা গেছেন। আহত হয়েছেন ২০ জনেরও বেশি। তাদের সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে। রবিবার রাতে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে নিউ সাউথ ওয়েলসের হান্টার ভ্যালির গ্রেটার কাছে ওয়াইন কাউন্টি ড্রাইভে এসে তাদের বাসটি উল্টে যায়।

পুলিশ বলেছে, দুর্ঘটনার আশপাশের পরিস্থিতি তারা খতিয়ে দেখছে। ৫৮ বছর বয়সী বাসের চালককে গ্রেফতর করা হয়েছে। নিউ সাউথ ওয়েলসের পুলিশের ভারপ্রাপ্ত সহকারী কমিশনার ট্রেসি চ্যাপম্যান বলেছেন, বিয়ের অনুষ্ঠান শেষে অতিথিরা ‘সম্ভবত থাকার জন্য’ সিঙ্গেলটনের দিকে যাচ্ছিলেন। স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। মূলত মহাসড়ক থেকে একটি গোলচত্বরে বাঁক নেওয়ার সময় বাসটি উল্টে যায়।

ট্রেসি চ্যাপম্যান বলেছেন, মৃতের সংখ্যা বাড়তে পারে। মোট ২৫ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে দুইজনকে দুর্ঘটনাস্থল থেকে এয়ারলিফট করে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসের নীচেও লোক আটকে থাকতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

বাসটির চালককে গ্রেফতার করা হয়েছে জানিয়ে নিউ সাউথ ওয়েলসের পুলিশের এই কর্মকর্তা বলেন, বাসচালককে অভিযুক্ত করার জন্য পুলিশের কাছে পর্যাপ্ত তথ্য ছিল। সামান্য আঘাতের চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। তিনি বলেছেন, ‘এমন একটি সুন্দর জায়গায় আনন্দের একটি দিনে এ ভয়ানক দুর্ঘটনা ও প্রাণহানির মধ্য দিয়ে শেষ হওয়াটা খুবই দুঃখজনক এবং অন্যায়’।


You might also like!