International

2 years ago

United States:হাওয়াইয়ে দাবানলে ৬ জনের মৃত্যু

6 people died in the fire in Hawaii
6 people died in the fire in Hawaii

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে দাবানলে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। অনেকটাই পুড়ে গেছে অঙ্গরাজ্যটির ঐতিহাসিক শহর লাহাইনা।

হাওয়াইয়ের মাওয়াই কাউন্টি কর্তৃপক্ষ গতকাল বুধবার জানিয়েছে, বহু মানুষ ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছে। মাওয়াইয়ের হাসপাতালগুলোতে রোগীর জায়গা হচ্ছে না।

অঙ্গরাজ্যটির সিনেটর ব্রেইন শাৎজ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘লাহানিয়া শহরের প্রায় পুরোটাই পুড়ে গেছে।’

অগ্নিনির্বাপণকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছেন উল্লেখ করে ব্রেইন শাৎজ বলেন, লোকজনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

দাবানল দ্রুত ছড়িয়ে পড়তে থাকায় কিছু মানুষ সাগরে ঝাঁপ দেন। কোস্ট গার্ড জানিয়েছে, তারা অন্তত এক ডজন ব্যক্তিকে পানি থেকে উদ্ধার করেছে।

মাওয়াই কাউন্টি মেয়র রিচার্ড বাইসেন জুনিয়র এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বহু বাড়িঘর ও ব্যবসাকেন্দ্র সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

মাওয়াই কাউন্টিতে প্রায় ১২ হাজার মানুষের বসবাস। বন্দরে থাকা সব নৌযানেও আগুন লেগেছে উল্লেখ করে স্থানীয় বাসিন্দা ক্রিসি লোভিট স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘যেন কোনো চলচ্চিত্র দেখছিলাম, যুদ্ধের কোনো চলচ্চিত্র।’

You might also like!