
নয়াদিল্লি, ১০ জুলাই : সমুদ্রপথে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার সময় ৩০০ অভিবাসী নিয়ে নিখোঁজ তিনটি নৌকা । অভিবাসী সহায়তা ও তাদের নিয়ে কাজ করা সংস্থা ওয়াকিং বর্ডারস রবিবার এ তথ্য জানিয়েছে। নিখোঁজরা সেনেগাল থেকে যাত্রা শুরু করেছিলেন।
সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে, নৌকাগুলোর মধ্যে দু’টি স্পেনে পৌঁছানোর চেষ্টায় সেনেগাল ছেড়ে যাওয়ার পর থেকে ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। এই দু’টি নৌকার একটিতে প্রায় ৬৫ জন লোক এবং অন্যটিতে ৫০ থেকে ৬০ জন আরোহী ছিলেন।
তৃতীয় নৌকাটি ২৭ জুন সেনেগাল ছেড়ে যায়। এতে প্রায় ২০০ জন আরোহী ছিলেন। সেনেগাল থেকে নৌকা ছাড়ার পর পরিবারের সদস্যরা আরোহীদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেনি।
অভিবাসীদের বহনকারী তিনটি নৌকাই সেনেগালের দক্ষিণাঞ্চলীয় কাফাউন্টাইন থেকে তাদের যাত্রা শুরু করে। সেখান থেকে ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফ দ্বীপের দূরত্ব প্রায় ১৭০০ কিলোমিটার (১ হাজার ৫৭ মাইল)।
জানা গেছে, নিখোঁজরা সবাই সেনেগালের একই এলাকার। সেনেগালের অস্থিতিশীলতার কারণে তারা দেশ ছেড়ে চলে যায়। ’
