Anjali Arora | মঞ্চ ছাড়ার অভিযোগে আইনি জটিলতা, অঞ্জলি অরোরার কাছে কোটি টাকার ক্ষতিপূরণ দাবি

Anjali Arora
Anjali Arora

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:‘শ্রী রামায়ণ কথা’ ছবিতে সীতার চরিত্রে অভিনয় নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের আইনি জটিলতায় ‘কাঁচা বাদাম’ খ্যাত অঞ্জলি অরোরা। অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সরকে ১.২০ কোটি টাকার আইনি নোটিস পাঠানো হয়েছে বলে খবর। কানপুরের একটি অনুষ্ঠানে নির্ধারিত সময়ের তুলনায় অনেক কম সময় পারফর্ম করে মঞ্চ ছেড়ে চলে যাওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। আয়োজকদের দাবি, ৪৫ মিনিটের পারফরম্যান্সের জন্য পারিশ্রমিক নিলেও অঞ্জলি মঞ্চে ছিলেন মাত্র ১২ মিনিট। এই ঘটনায় আর্থিক ক্ষতি ও মানহানির অভিযোগ তুলে ক্ষতিপূরণ দাবি করেছেন তাঁরা। তবে অভিযোগের বিষয়ে অঞ্জলির বক্তব্য এবং মামলার পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর।

অভিযোগ, ৩ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েও কানপুরে আয়োজিত ‘নাগাড়া নাইটস’-এর অনুষ্ঠানে নির্ধারিত সময়ের আগেই মঞ্চ থেকে নেমে গিয়েছেন। ফলত, ব্যাপক ভোগান্তি পোহাতে হয় উদ্যোক্তাদের। গত ১৫ অক্টোবর কানপুরের লাজপত ভবনের মাঠে আয়োজিত হয়েছিল ‘নাগাড়া নাইটস’। উদ্যোক্তাদের দাবি, অঞ্জলির সঙ্গে ৪৫ মিনিট পারফরম্যান্সের চুক্তি হয়েছিল। কিন্তু মঞ্চে উঠে মাত্র ১২ মিনিট অনুষ্ঠান করার পরই তিনি নেমে যান। যার জেরে স্পনসররা তাঁদের প্রাপ্য টাকা আটকে দিয়েছেন বলেও অভিযোগ। সব মিলিয়ে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন উদ্যোক্তারা।তাঁরা জানিয়েছেন, অঞ্জলির ম্যানেজার প্রীতি দুবের সঙ্গে আলোচনার পর ৩ লক্ষ টাকা পারিশ্রমিক ধার্য করা হয়েছিল। এরপর অঞ্জলির বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ২ লক্ষ ৭৫ হাজার টাকা পাঠানো হয়েছিল। পাশাপাশি অঞ্জলি ও তাঁর টিমের চার সদস্যের বিমানসফর থেকে থাকা-খাওয়ার ব্যবস্থাও করেছিলেন তাঁরা।

আইনজীবী করিম আহমেদ সিদ্দিকির দাবি, রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত অঞ্জলির পারফরম্যান্সের কথা ছিল। কিন্তু তিনি মঞ্চেই ওঠেন ওই সময়ে। এরপর মোটে ১২ মিনিট পারফর্ম করার পর ম্যানেজমেন্ট টিমের সঙ্গে বচসা শুরু হয় তাঁর। তারপরই অনুষ্ঠান ছেড়ে চলে যান তিনি। উদ্যোক্তাদের দাবি, এই ঘটনায় প্রায় ২০ লক্ষ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে তাঁদের। পাশাপাশি মানহানিও হয়েছে। ‘কাঁচা বাদাম’ খ্যাত ইনফ্লুয়েন্সরের বিরুদ্ধে উদ্ধত আচরণের অভিযোগও তুলেছেন তিনি। সেই প্রেক্ষিতেই অঞ্জলিকে ১ কোটি ২০ লক্ষ টাকার মানহানি নোটিস পাঠিয়েছেন অনুষ্ঠানের উদ্যোক্তারা।অন্যদিকে অঞ্জলি অরোরার দাবি, ওই অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা মোটেই ভালো ছিল না। তাঁর অভিযোগ, তাঁর হোটেল রুমের দরজার বারবার ঘণ্টা বাজানো হচ্ছিল। ছবি তোলার আবদার নিয়ে একের পর এক মানুষ তাঁর ঘরের সামনে ভিড় জমাচ্ছিলেন। এই ঘটনায় অস্বস্তিতে পড়েন বলেও জানান অভিনেত্রী।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…