Entertainment

1 hour ago

Akshay Kumar: অনলাইন হেনস্তার ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত, মেয়ের সাহসিকতার নিরিখে সামনে এল সত্য—জানালেন অক্ষয় কুমার

Bollywood superstar Akshay Kumar’s daughter, Nitara Kumar
Bollywood superstar Akshay Kumar’s daughter, Nitara Kumar

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সাইবার হেনস্তার এক গুরুতর ঘটনায় এবার গ্রেপ্তার হল অভিযুক্ত। বলিউড অভিনেতা অক্ষয় কুমার-এর মেয়ে নিতারা ভাটিয়ার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনাই সামনে এনে দিল অনলাইন নিরাপত্তা সম্পর্কিত বড় প্রশ্ন। ঘটনাটি ২০২৫ সালের। মহারাষ্ট্রের রাজ্য পুলিশের সদর দপ্তরে ‘সাইবার সচেতনতা মাস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্ষয় কুমার। সেখানেই সাইবার অপরাধের বিষয়ে সকলকে সচেতন করতে গিয়ে খিলাড়ি নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া এক ঘটনার কথা জানান। অভিনেতা বলেন, “নিতারা ভিডিও গেম খেলছিল। সেই গেম মারফৎ এক ব্যক্তির সঙ্গে অনলাইনে আলাপ হয় ওর। ওই ব্যক্তি আচমকাই নিতারার লিঙ্গ পরিচয় জানতে চান। এরপর আমার মেয়ে নিজেকে ‘মহিলা’ বলে পরিচয় দেওয়ার পরই ওই ব্যক্তির আচরণ বদলে যায়! কিছুক্ষণ বাদেই আমার মেয়ের নগ্ন ছবি চেয়ে বসে ওই ব্যক্তি। কিন্তু আমার মেয়ে বুদ্ধি করে তখনই অনলাইনে গেম খেলা বন্ধ করে মায়ের কাছে ছুটে যায়। এবং গোটা ঘটনাটা জানায়। এইভাবেই তো অপরাধ প্রবণতা বাড়ে। সাইবার ক্রাইম শুরু হয়।”

সম্প্রতি এক সাইবার সচেতনতামূলক অনুষ্ঠানে মহারাষ্ট্র সাইবার বিভাগের আধিকারিক যশস্বী যাদব জানান, এই ঘটনায় একজন অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিতারার উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার প্রশংসা করেন এবং বলেন, “অক্ষয় কুমারের কন্যাকেও ‘সেক্সটরশন’ বা যৌন ব্ল্যাকমেইলের শিকার হতে হয়েছিল। তবে মেয়েটি অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে বাবা-মাকে বিষয়টি জানায়। অক্ষয়-টুইঙ্কলের মাধ্যমেই আমরা বিষয়টি জানতে পারি এবং তদন্তে নামি। সংশ্লিষ্ট ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে।”


এই ঘটনার পর থেকেই সাইবার নিরাপত্তা নিয়ে আরও সচেতন হওয়ার বার্তা দিয়েছেন অক্ষয় কুমার। তিনি স্কুল পর্যায়ে নিয়মিত ‘সাইবার শিক্ষা’ চালুর প্রস্তাবও দেন, যাতে কম বয়স থেকেই পড়ুয়ারা অনলাইন ঝুঁকি সম্পর্কে সচেতন হতে পারে। সব মিলিয়ে, এই ঘটনা শুধু একটি পরিবারের নয়, বরং ডিজিটাল যুগে শিশুদের নিরাপত্তা নিয়ে বড় সতর্কবার্তা হিসেবেই দেখা হচ্ছে।


You might also like!