
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামী ৩ অগস্ট থেকে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ। ক্রীড়াসূচির যে খসড়া প্রথমে ক্লাবগুলিকে পাঠিয়েছিল ডুরান্ড কমিটি, তাতে প্রথমে ১১ অগস্ট যুবভারতীতে মুখোমুখি হওয়ার কথা ছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগানের। কিন্তু পরে তা এক দিন পিছিয়ে ১২ অগস্ট করা হয়।এই সূচীর ফলে অস্বস্তিতে পড়েছে সবুজ-মেরুন শিবির। কারণ, ১৬ অগস্ট এএফসি কাপের খেলা রয়েছে মোহনবাগানের।
কলকাতা প্রিমিয়ার লিগে অনূর্ধ্ব-২৩ দল খেলাচ্ছে মোহনবাগান। ডুরান্ড কাপের আয়োজকরা চাইছে মূল দল নিয়েই ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতায় খেলুক আইএসএল চ্যাম্পিয়নরা। কিন্তু ১২ অগস্ট যদি ডার্বি হয়, সে ক্ষেত্রে পরের দিনটা রি-হ্যাব করতেই কেটে যাবে। এএফসি কাপের ম্যাচের জন্য প্রস্তুতি নিতে মাত্র দু’দিন সময় পাবেন কোচ জুয়ান ফেরান্দো। ফুটবলাররা পর্যাপ্ত বিশ্রামও পাবেন না।
এই পরিস্থিতিতে ডুরান্ড কাপের ডার্বিতে মূল দল নামানোর ঝুঁকি নিতে রাজি নয় সবুজ-মেরুন শিবির। প্রসঙ্গত,গতবার চাহিদা অনুযায়ী টিকিট পায়নি মোহনবাগান। এ বার যাতে তার পুনরাবৃত্তি না হয়, তাই টিকিটের ব্যবস্থা আগে থেকে করার অনুরোধ করা হয়েছে।উল্লেখ্য, শুক্রবার কলকাতা লিগের সূচি নিয়ে আলোচনায় বসেছিলেন আইএফএ কর্তারা। পুলিশের কাছে তাঁরা জানতে চেয়েছেন কোন দিন ম্যাচ দিলে সমস্যা হবে না।
