Game

3 years ago

Mahamedan beat Kerala Blasters in the semifinals of Durand : কেরল ব্লাস্টার্সকে হারিয়ে ডুরান্ডের সেমিফাইনালে মহামেডান

Mahamedan beat Kerala Blasters in the semifinals of Durand
Mahamedan beat Kerala Blasters in the semifinals of Durand

 

কলকাতা, ৯ সেপ্টেম্বর  : ডুরান্ডের মত ঐতিহ্যশালী টুর্নামেন্টে এখনও আলো ছড়াচ্ছে কলকাতা। কেরল ব্লাস্টার্সকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিফাইনালে পৌঁছল মহামেডান স্পোর্টিং। শুক্রবার সাদা-কালো ব্রিগেড ৩-০ গোলে কেরল ব্লাস্টার্সকে মাটি ধরিয়েছে। আর তার ফলেই শেষ চারের ছাড়পত্র জোগার করে নেয়।

মহামেডান স্পোর্টিংয়ের অধিনায়ক মার্কাস জোসেফ বলেছিলেন, তাঁর লক্ষ্য তিন পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছনো। সেটাই হল। ত্রিনিদাদ টোব্যাগোর জাদুকর গোল করালেন। তাঁর খেলা নজর কাড়ল। নিজে গোল করেননি। কিন্তু মহামেডানের দুটো গোলের পিছনেই রয়েছেন তিনি। শেখ ফৈয়াজ এগিয়ে দেন সাদা-কালো ব্রিগেডকে। বাঁ দিক থেকে গড়ানে সেন্টার করেছিলেন মার্কাস জোসেফই। ওই মাটি ঘেঁষা সেন্টার থেকেই গোলটি করেন শেখ ফৈয়াজ। তার পরেও গোল করার মতো পরিস্থিতি তৈরি করেছিল মহামেডান। সেই মার্কাসের গড়ানে সেন্টারে পা ছোঁয়াতে পারেননি শেখ ফৈয়াজ। তখনই গোল হয়ে গেলে বিরতির আগেই ২-০ গোলে এগিয়ে যেত মহামেডান স্পোর্টিং।

দ্বিতীয়ার্ধে দ্বিতীয় গোলটি পায় সাদা-কালো ব্রিগেড। গোলের আক্রমণ শুরু হয়েছিল সেই মার্কাসের পা থেকেই। কেরল ব্লাস্টার্সের পেনাল্টি বক্সের ভিতরে অ্যাবিওলা বল পান। গোলমুখ ছোট করে বেরিয়ে আসেন কেরল ব্লাস্টার্সের গোলকিপার। অ্যাবিওলা কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কেরল গোলকিপারকে কাটিয়ে ২-০ করে যান।

সাদা-কালো ব্রিগেডের তৃতীয় গোলটি করেন অ্যাবিওলা। বাঁ দিক থেকে অভিষেক আম্বেকরের ক্রস থেকে হেডে ৩-০ করেন সেই অ্যাবিওলা। ডুরান্ড কাপের শুরু থেকেই মহামেডান স্পোর্টিং ছন্দে রয়েছে। কোয়ার্টার ফাইনালেও মার্কাস জোসেফ, শেখ ফৈয়াজরা বেশ ছন্দময় ফুটবল খেললেন। প্রসঙ্গত, কলকাতার অপর দুই প্রধান অনেক আগেই ছিটকে গিয়েছে টুর্নামেন্ট থেকে। সেখানে মহামেডান স্পোর্টিং কলকাতা ফুটবলের পতাকা বহন করছে।

You might also like!