
ঢাকা, ২৪ ডিসেম্বর : দিনের শেষে বেশ চাপে পড়ল ভারত। দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে জয়ের জন্য মাত্র ১৪৫ রান প্রয়োজন ছিল। কিন্তু মীরপুরের পিচে সেই রানই এখন বড় মনে হচ্ছে ভারতীয় দলের। শেষ বেলায় ব্যাট করতে নেমে ৪৫ রানে ৪ উইকেট হারাল ভারত। সাজঘরে লোকেশ রাহুল, শুভমন গিল, চেতেশ্বর পুজারা এবং বিরাট কোহলি। জয়ের জন্য আরও ১০০ রান প্রয়োজন ভারতের। বাংলাদেশের চাই ৬ উইকেট।
প্রথম ইনিংসে ২২৭ রান করে বাংলাদেশ। সেই রানের জবাবে ভারত তোলে ৩১৪ রান। সেই ইনিংসে ভারতের প্রথম চার ব্যাটার রান পাননি। রাহুল করেন ১০ রান, শুভমন ২০, পুজারা ২৪ এবং বিরাট ২৪ রান। বাংলাদেশের রান টপকাতে ভারতের ভরসা ছিলেন শ্রেয়স আয়ার (৮৭) এবং ঋষভ পন্থ (৯৩)। তাঁরা দু’জন রান না পেলে প্রথম ইনিংসেই চাপে পড়ে যেতে পারত ভারত। দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হলেন ভারতের প্রথম চার ব্যাটার। এ দিন রাহুল (২), শুভমন (৭), পুজারা (৬) এবং বিরাট (১) অল্প রানেই সাজঘরে ফেরেন। মেহেদি হাসান মিরাজ একাই তুলে নেন তিন উইকেট। একটি নেন শাকিব আল হাসান। মীরপুরে তৃতীয় দিনে পিচে যে ঘূর্ণি দেখা গিয়েছে তা চিন্তার কারণ হতে পারে ভারতীয় দলের কাছে। এ দিন বিরাটের আগে ব্যাট করতে নামেন অক্ষর পটেল। কিন্তু শুভমন আউট হয়ে যাওয়ায় বিরাটকে নামতেই হয়। তিনি আউটও হয়ে যান। বিরাট ফিরতে নামেন জয়দেব উনাদকাট। প্রশ্ন উঠছে, এই রাতপ্রহরী নামানোর যুক্তি নিয়ে। যে পিচে স্পিনারদের সামলাতে রাহুল, পুজারাদের অসুবিধা হচ্ছে, সেই পিচে দল কী করে মনে করে অক্ষর এবং উনাদকাট মেহেদিদের সামলে দেবে। যদিও তাঁরাই সামলে দেন বাংলাদেশের স্পিনারদের। দিনের শেষে অক্ষর (২৬ রানে অপরাজিত) এবং উনাদকাটই (৩ রানে অপরাজিত) অপরাজিত থেকে যান।
