
নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি : এবছরই হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আগামী ৭ জুন ওভালে হবে সেই ম্যাচ। ৫ দিনের লড়াই চলবে ইংল্যান্ডের মাঠে। কিন্তু কোন দুই দল খেলবে তা এখনও স্পষ্ট নয়। লড়াইয়ে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা।
টেস্টে সেরা দল বেছে নিতে আইসিসি নতুন এক প্রতিযোগিতা শুরু করেছে। গত বছর এই প্রতিযোগিতার ফাইনালে খেলেছিল ভারত এবং নিউ জিল্যান্ড। সাদাম্পটনে সেই ফাইনালে হেরে যায় ভারত। টেস্টে সেরা হয় নিউ জিল্যান্ড। এ বছর যদিও ফাইনালে ওঠার লড়াইয়ে নেই কিউইরা। ভারত এখনও লড়াইয়ে রয়েছে। তাদের সঙ্গে লড়াই অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার। অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে টেস্ট সিরিজ় শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। সেই সিরিজের উপর ফাইনালে ওঠা নির্ভর করছে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের লিগ তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের ফাইনালে ওঠা এক প্রকার নিশ্চিত। ৭৫.৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে প্যাট কামিন্সরা। ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। তাদের রয়েছে ৫৮.৯৩ শতাংশ পয়েন্ট। তৃতীয় স্থানে শ্রীলঙ্কা। ৫৩.৩৩ শতাংশ পয়েন্ট রয়েছে তাদের। ভারত এবং অস্ট্রেলিয়া একে অপরের বিরুদ্ধে খেলবে। অন্য দিকে শ্রীলঙ্কা খেলবে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে। কিউইদের ঘরের মাঠে খেলবে লঙ্কাবাহিনী। কে লড়াই শ্রীলঙ্কার জন্য বেশ কঠিন। তাই ভারতের সুযোগ অনেকটাই বেশি।
