
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সকালের কলকাতার সৌন্দর্য্যটাই আলাদা। নরম রোদ এসে সমস্ত যেন কালিমা যেন ধুঁয়ে দিচ্ছে তিলোত্তমার মুখ খানি থেকে, আর ঠিক এমনই সকালবেলা মন দিয়ে ঘোড়ার লাগাম ধরা শিখছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। প্রশিক্ষণের প্রথমদিন। তাই সওয়ারির সঙ্গে বন্ধুত্ব করাই প্রথম পাঠ।
তবে প্রথমদিনেই প্রশিক্ষকের কাছে ভাল নম্বর পেলেন অভিনেত্রী। আর পাবেন নাই বা কেন, বাধ্য ছাত্রীর মতো সাতসকালে পৌঁছে গিয়েছেন ময়দানের নির্দিষ্ট জায়গায় ঘোড়সওয়ার শিখতে। প্রথমটায় নায়িকা একটি নার্ভাস হলেও সফল তাকে হতেই হবে।
প্রসঙ্গত, ‘দেবী চৌধুরানী’র মতো দৌর্দণ্ড্যপ্রতাপ ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতে গেলে দরকার কড়া হোমওয়ার্কের। অতঃপর শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও কোনওপ্রকার ফাঁক রাখছেন না। কারণ, ফিল্মি কেরিয়ারের সবথেকে গুরুত্বপূর্ণ সিনেমার শুটিং করতে চলেছেন তিনি। তাই ইতিমধ্যেই ঘোড়সওয়ারের তালিম নেওয়া শুরু করে দিয়েছেন ময়দানে। শুধু তাই নয়, এই সিনেমার জন্য সোহাগ সেনের কাছে অভিনয়ের ওয়ার্কশপও করবেন শ্রাবন্তী। পিরিয়ডিক ফিল্মের জন্য সেই সময়ের ভাষা, কথা বলার ধরণ শিখতে হবে।ওজন ঝরিয়েছেন অন্তত ১০ কেজি। তিনি যে খেতে খুবই ভালবাসেন, তা ইন্ডাস্ট্রিতে সকলেরই জানা। তাই লোভনীয় খাবার দেখলে আপাতত মেপে-জুখে খেতে হচ্ছে তাঁকে। নভেম্বর থেকে জানুয়ারি অবধি পুরোদস্তুর চলবে দেবী চৌধুরাণীর শুটিং। উল্লেখ্য ‘দেবী চৌধুরানী’র রিয়েল লাইফ ‘মেন্টর’প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখা যাবে ভবানী পাঠকের ভূমিকায়।
