
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সারা বিশ্বে শাকিরার অনুরাগীর সংখ্যা কম নয়। জুন মাসে প্রকাশ্যে এসেছে গায়িকার নতুন গান ‘কোপা ভাসিয়া’। মাত্র চার সপ্তাহের মধ্যেই প্রায় ৫ কোটিরও বেশি দর্শক গানটির ভিডিয়ো দেখেছেন শুধু ইউটিউবেই। গায়িকার অন্যান্য গানের ভিডিওতে যেমন কোনো না কোনো গল্প থাকে, ঠিক তেমনই এই ভিডিওতে এক মৎস্য কন্যার গল্প নিয়ে হাজির হয়েছিলেন শাকিরা। গানের শুটিং করতে গিয়ে ইঁদুরের তাড়নায় রীতিমতো বিপাকে পড়তে হয়েছে শাকিরাকে।
অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামের পাতায় এই গানের শুটিংয়ের সময়কার নেপথ্যের ভিডিয়ো প্রকাশ্যে এনেছেন। সেখানেই দেখা যাচ্ছে, নীম্নাঙ্গে মৎস্যকন্যার ভারী লেজ, বক্ষ যুগলে রাংতা দিয়ে নকশা করা। গোলাপি চুল দিয়ে ঢেকেছেন পিঠ। কালো প্লাস্টিকের চারপাশে আবর্জনা, মাঝে মধ্যে উঁকি মারছে জমা জল, তার উপর শুয়ে শাকিরা। ক্যামেরা চালু হতেই হঠাৎ বিরাট আকারের এক ইঁদুরের দেখা। চমকে ওঠেন গায়িকা। বোঝাই যাচ্ছে, ঘটনার আকস্মিকতায় চমকে উঠছেন তিনি। তবে নড়াচড়া করার উপায় নেই। কারণ তাঁর পোশাক। মৎস্যকন্যার বেশে তাঁর কোমর থেকে পা পর্যন্ত ঢাকা। যার ফলে ভয় পেয়ে উঠে বসলেও নড়তে পারেননি।
