
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউডে আবারও শোকের ছায়া। প্রয়াত জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক কুকু কোহলি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বুধবার সকাল ১১টায় ওশিওয়ারা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবারের তরফে জানানো হয়েছে। কুকু কোহলির নাম বলিউডের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে ‘ফুল অউর কাঁটে’ ছবির জন্য। ১৯৯১ সালে মুক্তি পাওয়া এই ছবির হাত ধরেই পরিচালক হিসেবে তাঁর পথচলা শুরু। একই ছবিতে অজয় দেবগনেরও বলিউডে অভিষেক হয়। জোড়া বাইকের উপর দাঁড়িয়ে অজয়ের সেই স্টান্ট আজও হিন্দি সিনেমার অন্যতম আলোচিত দৃশ্য। মুক্তির পর বক্স অফিসে দারুণ সাফল্য পায় ছবিটি এবং কুকু কোহলির পরিচালনাকেও প্রতিষ্ঠা দেয়।
এরপর অজয় দেবগনের সঙ্গে ‘সুহাগ’ ছবিতেও কাজ করেন কুকু। যদিও ছবিটি ‘ফুল অউর কাঁটে’-র মতো সাফল্য পায়নি। তবে ‘হকিকত’, ‘আনাড়ি নং ১’, ‘কোহরাম’ এবং ‘ইয়ে দিল আশিকানা’-র মতো ছবির মাধ্যমে বলিউডে নিজের জায়গা ধরে রাখেন তিনি। ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘উও তেরা নাম থা’ ছিল তাঁর পরিচালিত শেষ ছবি। পরিবার সূত্রে জানা গিয়েছে, দু’দিন আগে হৃদরোগে আক্রান্ত হন পরিচালক। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার তাঁর হৃদযন্ত্রে স্টেন্ট বসানো হয়েছিল। কিন্তু চিকিৎসা চলাকালীন আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। শেষপর্যন্ত চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে চলে গেলেন কুকু কোহলি। বুধবার সকালে তাঁর বাসভবন ‘গ্রিন একরস’-এ অনুরাগী, সহকর্মী এবং চলচ্চিত্র জগতের মানুষজন তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন। এরপর সকাল ১১টায় ওশিওয়ারা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

কুকু কোহলির প্রয়াণে হিন্দি চলচ্চিত্র জগতে তৈরি হল এক অপূরণীয় শূন্যতা। তাঁর প্রথম ছবিই যেমন তাঁকে বিশেষ পরিচিতি দিয়েছিল, তেমনই অজয় দেবগনের কেরিয়ারের সূচনার সঙ্গেও তাঁর নাম চিরকাল জড়িয়ে থাকবে। স্ত্রী অরুণা ইরানি এবং প্রথম পক্ষের স্ত্রী রিতা কোহলির দুই সন্তান পূজা ও করিশ্মাকে রেখে গেলেন তিনি।
