
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ স্বপ্ন নগরী মুম্বাইতে নিজের কেরিয়ার শুরুর আগেই থামতে হল টলি পাড়ার মিষ্টি নায়িকা মধুমিতা সরকারকে। দিন কয়েক আগেই শোনা গিয়েছিল, রতি অগ্নিহোত্রীর ছেলে তনুজ ভিরওয়ানির বিপরীতে বলিউডে বড় ব্রেক পেতে চলেছেন মধুমিতা। চলতি সপ্তাহেই শুটিং শুরু হওয়ার কথা ছিল মধুমিতার প্রথম বলিউড প্রজেক্ট ‘ফর্জ’-র।
বর্তমানে নায়িকা শিলাদিত্য মৌলিক পরিচালিত ‘কে প্রথম কাছে এসেছে; ছবির আউটডোর শুটে অরুণাচলে ব্যস্ত। অভিনেত্রীর বলিউড সিনেমার কোনও উচ্চবাচ্যই শোনা যাচ্ছে না। কবে শুটিং শুরু হবে? সেই সম্পর্কেও যথেষ্ট সন্দেহ রয়েছে।কিন্তু কেন আটকে গেল মধুমিতা সরকারের প্রথম হিন্দি সিনেমার কাজ? শোনা যাচ্ছে, এই ছবির জন্য যে বাজটের প্রয়োজন ছিল, তা এখনও প্রযোজকেরা জোগার করতে অপারগ। তাই পরিচালক প্রীতম মুখোপাধ্যায়ও ‘ফর্জ’-এর কাজ শুরু করতে পারছেন না।
প্রসঙ্গত, বাংলা সিনে ইন্ডাস্ট্রির নায়ক-নায়িকাদের অনেকেই বলিউডের দিকে ঝুঁকছেন বর্তমানে। যিশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়ের মতো তাবড় টলিউড অভিনেতারা একের পর এক হিন্দি ছবিতে ছক ভাঙছেন। নায়িকারাও অবশ্য পিছিয়ে নেই। স্বস্তিকা মুখোপাধ্যায়, রাইমা সেন, পাওলি দাম অনেকেই রয়েছেন। খোদ ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্প্রতি দু’টি হিন্দি সিরিজ ‘স্কুপ’, ‘জুবিলি’তে অসাধারন অভিনয়ের দ্বারা মুদ্ধ করেছেন দর্শকদের।
উল্লেখ্য,‘পোস্ত’র হিন্দি রিমেকের মুখ্য ভূমিকায় দেখা যাবে মিমি চক্রবর্তী। যশ দাশগুপ্তও সম্প্রতি একটি ছবিতে অভিনয় করেছেন। এবার সেই তালিকাতেই নবতম সংযোজন হতে চলেছিল টলিপাড়ার সুন্দরী নায়িকা মধুমিতা সরকার। কিন্তু শুরুর আগেই প্রযোজকের জন্য যাত্রা ভঙ্গ হল নায়িকার।
