
কলকাতা, ২৭ সেপ্টেম্বর : রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গেও রবিবার থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
রবিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে আবহাওয়া উন্নতি হবে ধীরে ধীরে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় রবিবার পর্যন্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমের মতো জেলাগুলিতেও বৃষ্টির সতর্কতা রয়েছে।
রবিবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে উপরের জেলাগুলির কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। এই পরিস্থিতি চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
