Entertainment

53 minutes ago

Salman Speaks: ‘ভয় পাইনি, জো ডর গয়া ওহ মর গয়া’— নিট বিতর্কে সমালোচকদের কড়া জবাব সলমন খানের

Bollywood superstar Salman Khan
Bollywood superstar Salman Khan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  নিট পরীক্ষাকে ঘিরে দেশজুড়ে বিতর্কের আবহে মুখ খুলে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বলিউড সুপারস্টার সলমন খান। আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে করা তাঁর মন্তব্য যেমন বহু মানুষের প্রশংসা কুড়িয়েছে, তেমনই দ্বিতীয় একটি পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র বিতর্ক। কেউ কেউ অভিযোগ তুলেছেন, অভিনেতা নাকি নিজের অবস্থান বদলে সরকারকেও সন্তুষ্ট করার চেষ্টা করেছেন। তবে সেই সমালোচনার জবাব দিতে একটুও পিছপা হননি ‘ভাইজান’।

ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে। নিট পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে প্রথম পোস্টে সলমন খান শান্তিপূর্ণ প্রতিবাদের প্রশংসা করেন। তিনি লেখেন, “আমার এটা ভেবে আনন্দ হচ্ছে যে, উন্নত শিক্ষাব্যবস্থার দাবিতে আমাদের দেশের পড়ুয়ারা একজোট হয়েছে এবং ওদের অভিভাবকরাও পাশে দাঁড়িয়েছেন। আন্দোলন বা প্রতিবাদই একমাত্র সঠিক পথ। আর শিক্ষার্থীরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখিয়েছে। ওরা সত্যিই সাহসী এবং অদম্য। শিক্ষার প্রতি এই প্রজন্মের এমন একাগ্রতা ও উদ্দীপনা ভবিষ্যতে ভারতকে গর্বিত করবে।” তবে পরের দিনই আরও একটি পোস্টে সলমন খান সমাজকর্মী সোনম ওয়াংচুককে ‘ভাই’ বলে সম্বোধন করে অনশন প্রত্যাহারের অনুরোধ জানান। একই সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের কেন্দ্রীয় সরকারের উপর আস্থা রেখে ঘরে ফেরার আবেদন করেন। একই সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের কেন্দ্রীয় সরকারের উপর আস্থা রেখে ঘরে ফেরার আবেদন করেন। এই পোস্ট প্রকাশের পর থেকেই নেটদুনিয়ায় শুরু হয় জোর বিতর্ক। একাংশের দাবি, প্রথম পোস্টের পর দ্বিতীয় পোস্টে অভিনেতা নিজের অবস্থান নরম করেছেন। অনেকেই প্রশ্ন তোলেন, তিনি কি চাপের মুখে পড়েই এমন বার্তা দিয়েছেন?


এই বিতর্ক আরও জোরালো হয়েছে কারণ, বর্তমানে সলমন খানের বহুল আলোচিত ছবি ‘ব্যাটেল অফ গালওয়ান’ (শোনা যাচ্ছে, ছবির সম্ভাব্য নাম ‘মাতৃভূমি’) এখনও মুক্তির অপেক্ষায়। বলিউডের অন্দরে জল্পনা, ছবির বিষয়বস্তু নিয়ে সেন্সর সংক্রান্ত কিছু জটিলতার কারণেই মুক্তি পিছিয়ে রয়েছে। সেই পরিস্থিতির সঙ্গে নিট ইস্যুতে অভিনেতার বক্তব্যকে জুড়ে দিয়ে নানা ব্যাখ্যা দিতে শুরু করেন নেটিজেনদের একাংশ। তবে সমালোচনার মুখে নীরব থাকেননি সলমন। শুক্রবার গভীর রাতে জিমে শরীরচর্চার ফাঁকেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষকারীদের উদ্দেশে পাল্টা বার্তা দেন তিনি। জনপ্রিয় হিন্দি ছবির সংলাপের ঢঙে অভিনেতা লেখেন, “সলমন খান ভয় পেয়েছে…? হুমম, জো ডর গয়া, ওহ মর গয়া (যে ভয় পেয়েছে, সে মরেছে)।”  তাঁর এই সংক্ষিপ্ত অথচ তীক্ষ্ণ মন্তব্য মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

সলমনের এই জবাবকে ঘিরে আবারও দুই ভাগে বিভক্ত হয়েছে নেটদুনিয়া। কেউ বলছেন, তিনি নিজের অবস্থানে অনড় থাকারই বার্তা দিয়েছেন। আবার অন্যদের মতে, বিতর্ক আরও উসকে দেওয়ার মতো মন্তব্য করেছেন অভিনেতা। তবে একটি বিষয় স্পষ্ট— নিট ইস্যুতে সলমন খানের মন্তব্য এবং তার জেরে তৈরি হওয়া বিতর্ক এখন সোশ্যাল মিডিয়া থেকে বলিউড— সর্বত্রই আলোচনার অন্যতম প্রধান বিষয়। 


You might also like!