
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ‘দ্য কেরালা স্টোরি’-ছবিতে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন বলিউড অভিনেত্রী আদা শর্মা। ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল। তবে সম্প্রতি মুক্তি পাওয়া ‘দ্য কেরালা স্টোরি ২’-এ তাঁকে দেখা যায়নি। ফলে স্বাভাবিকভাবেই ভক্তদের মনে প্রশ্ন উঠেছে—সিক্যুয়েলে কেন অনুপস্থিত আদা? অবশেষে সেই বিষয়েই মুখ খুললেন অভিনেত্রী।
এক সাক্ষাৎকারে আদা জানান, ‘আমি যে ছবির অংশ ছিলাম, সেই ছবির জন্য আমি সব সময় খুশি। যখন আমি সেই ছবির অংশ নই, তখন সেই ছবির কথা বলে চর্চায় থাকা উচিত নয়। আমাকে সিক্যুয়েলের অফার দেওয়া হয়েছে কিনা তা আমার এবং নির্মাতাদের মধ্যে থাকা উচিত এবং প্রকাশ্যে আলোচনা করা উচিত নয়। প্রথম অংশটি আফগানিস্তানের আইএসআইএস শিবিরের প্রেক্ষাপটে নির্মিত এবং কীভাবে একজন নিষ্পাপ মেয়ে সন্ত্রাসবাদী হয়ে ওঠে তা দেখানো হয়েছিল। দ্বিতীয় অংশের গল্প সম্পূর্ণ ভিন্ন।’ তবে ভক্তরা যে তাঁকে সিক্যুয়েলে ভীষণ মিস করছেন, সেটাও স্বীকার করেছেন আদা। তিনি বলেন, ‘আমার দর্শকরা আমাকে খুব ভালোবাসে। ওঁরা আমাকে প্রতিটা ছবিতে দেখতে চায়। ওঁরা আমাকে প্রতিটি চরিত্রে গ্রহণ করেছে, ১৯৯০ সালে আমার প্রথম ছবি থেকে শুরু করে ’দ্য কেরালা স্টোরি'তে আমার ডেবিউ পর্যন্ত।' কাজের দিক থেকে সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল 'তুমকো মেরি কসম' ছবিতে, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন এশা দেওল এবং অনুপম খের।

আগামী দিনে আদাকে দেখা যাবে ‘হাতক ওয়ান হাইস্ট নো মার্সি’ ছবিতে। অজয় কে. শর্মা পরিচালিত এই ছবির মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক করছেন অজয়। ছবিতে আদা শর্মা শিবরঞ্জনী আচার্য নামে এক স্টাইলিশ চরিত্রে অভিনয় করেছেন। রাজস্থান ও উত্তর ভারতের বিভিন্ন জায়গায় ছবিটির শুটিং হয়েছে এবং চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা। অভিনয়ের পাশাপাশি আদা শর্মা মার্শাল আর্টেও দক্ষ। বিশেষ করে কালারিপায়াতু, সিলাম্বাম ও তরবারি লড়াইয়ের মতো ভারতীয় মার্শাল আর্টে তাঁর পারদর্শিতা রয়েছে। এর আগেও অ্যাকশনভিত্তিক চরিত্রে তিনি এই দক্ষতার ঝলক দেখিয়েছেন। এছাড়াও সমাজমাধ্যমে সক্রিয় থেকে নিয়মিত ভক্তদের সঙ্গে নিজের নানা অভিজ্ঞতা ভাগ করে নেন অভিনেত্রী।
