
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আবারও আইনি জটিলতায় জড়ালেন বিশ্বখ্যাত পপ গায়িকা ব্রিটনি স্পিয়ার্স। মাদক সেবনের পর বেসামাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রল। স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ ভেনচুরা কাউন্টি এলাকায় এই ঘটনা ঘটে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
পুলিশের দাবি, সন্দেহজনক ভাবে গাড়ি চালাতে দেখে তাঁকে আটক করা হয়। পরে তদন্তে জানা যায়, তিনি মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। সেই অভিযোগেই তাঁকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়া হয়। গ্রেফতারের পর একটি রাত পুলিশি হেফাজতেই কাটাতে হয় ৪৪ বছর বয়সি এই পপ তারকাকে। তবে মামলা দায়েরের পরের দিন ভোরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই মামলার শুনানি আগামী ৪ মে আদালতে হবে। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই আমেরিকার বিনোদন জগতে চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, এর আগেও আইনি সমস্যায় পড়তে হয়েছিল ব্রিটনিকে। ২০০৭ সালে একটি ‘হিট অ্যান্ড রান’ মামলায় তাঁর নাম জড়ায়। অভিযোগ ছিল, পার্কিংয়ে দাঁড়ানো একটি গাড়িতে ধাক্কা মেরে সেখান থেকে চলে যান তিনি। যদিও পরে ক্ষতিপূরণ দিয়ে সেই ঘটনার নিষ্পত্তি করেন শিল্পী।

সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়েও নানা সমস্যার মুখে পড়েছেন এই পপ তারকা। সমাজমাধ্যমে প্রাক্তন স্বামী ফেডারলিনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এবং সন্তানদের সঙ্গে দূরত্বের কথা একাধিকবার তুলে ধরেছিলেন তিনি। সেই পরিস্থিতির মধ্যেই নতুন করে আইনি জটিলতায় জড়ানোয় আবারও আলোচনায় উঠে এল তাঁর নাম।
