
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান অশান্তির জেরে বড়সড় ধাক্কা খেল বলিউডের মেগাবাজেট প্রোজেক্ট ‘কিং’। শাহরুখ খান অভিনীত এই ছবির গুরুত্বপূর্ণ শুটিং হওয়ার কথা ছিল দুবাই-এ। তবে যুদ্ধ পরিস্থিতি এবং নিরাপত্তা উদ্বেগের কারণে সেই পরিকল্পনা আপাতত স্থগিত করতে বাধ্য হয়েছেন নির্মাতারা। সূত্রের খবর, আগামী ৯ এপ্রিল থেকে টানা এক সপ্তাহ দুবাইয়ে শুটিংয়ের অনুমতি নেওয়া ছিল। কিন্তু ইরান-ইজরায়েল-এর সংঘাত, সঙ্গে আমেরিকার জড়িয়ে পড়া—এই জটিল পরিস্থিতিতে কোনও ঝুঁকি নিতে চাননি প্রযোজকরা। ফলে বাতিল করা হয় বিদেশের শিডিউল। তবে কাজ থামিয়ে রাখতে নারাজ পরিচালক সিদ্ধার্থ আনন্দ। বিকল্প ব্যবস্থা হিসেবে মুম্বইয়ের ভিলে পার্লে অঞ্চলের একটি স্টুডিওতেই তৈরি করা হয়েছে দুবাইয়ের মরুভূমির আদলে বিশাল সেট। সেখানেই শুট হবে হাই-অকটেন অ্যাকশন দৃশ্য। জানা গিয়েছে, এই অংশে দেখা যাবে সুহানা খান এবং অনিল কাপুর-কে।
‘কিং’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। ছবিতে একেবারে ভিন্ন রূপে ধরা দেবেন ষাটোর্ধ্ব শাহরুখ—একজন অন্ধকার, নির্মম এবং ধূসর চরিত্রে। গুঞ্জন, ভিন্ন বয়সের দুটি সময়রেখায় দেখা যাবে তাঁকে। একদিকে তরুণ বয়সের সংঘর্ষ, অন্যদিকে বয়সে প্রবীণ এক ভয়ংকর ব্যক্তিত্ব—দুটো স্তরেই থাকবে জোরদার অ্যাকশন। ষাটের জন্মদিনে বাদশা জানিয়েছিলেন, “কিং-এর গল্পটা ভীষণ ইন্টারেস্টিং। সিদ্ধার্থ, সুজয়রা খুব যত্ন নিয়ে চরিত্রটা সাজিয়েছেন। কিং আদতেই মন্দ লোক। একজন খুনি। অনেক মানুষ করেছে । তাই কিং আদতেও কতটা ভিলেন, আশা করি সেটা আর বলার অপেক্ষা রাখে না। ভীষণ ডার্ক ক্যারেক্টার। ধূসর চরিত্র আর কী! মারাত্মক নির্মম, খতরনাক একজন মানুষ কিং। তাহলে বুঝতেই পারছেন ছবিতে আমার চরিত্রটা কেমন?”

এই ছবির মাধ্যমেই বড় পর্দায় গুরুত্বপূর্ণ সুযোগ পাচ্ছেন সুহানা খান, যা বাড়তি আকর্ষণ তৈরি করেছে দর্শকদের মধ্যে। ইতিমধ্যেই লন্ডনে ছবির কিছু অংশের শুটিং শেষ হয়েছে। এখন দুবাই শিডিউল বাতিল হলেও, নির্ধারিত সময়েই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে গোটা টিম। পরিকল্পনা অনুযায়ী, বড়দিন ২০২৬-এই মুক্তি পেতে পারে ‘কিং’। তবে বর্তমান পরিস্থিতিতে শিডিউলে আরও কোনও পরিবর্তন আসে কিনা, এখন সেদিকেই নজর বলিউড মহলের।
