
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: হলিউডে নেমে এল শোকের ছায়া। ‘সুপারম্যান’ ছবিতে ইভ টেসচমাচারের চরিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া অস্কার মনোনীত অভিনেত্রী ভ্যালেরি পেরিন আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে পার্কিনসন রোগ-এ ভুগছিলেন তিনি। ২০১৫ সালে এই রোগ ধরা পড়ার পর থেকেই ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শেষপর্যন্ত ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলস-এর নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। জানা গিয়েছে, রোগের কারণে শেষ দিকে কথা বলা, খাওয়াদাওয়া এমনকি স্বাভাবিক চলাফেরাও প্রায় অসম্ভব হয়ে উঠেছিল তাঁর পক্ষে।
অভিনেত্রীর মৃত্যুর খবর প্রথম প্রকাশ্যে আনেন তাঁর এক ঘনিষ্ঠ বন্ধু, যিনি গত কয়েক বছর ধরে তাঁর দেখভাল করছিলেন। তাঁর কথায়, ভ্যালেরি অত্যন্ত প্রাণবন্ত, সাহসী পারফর্মার ছিলেন। তিনি তাঁর রোগ নিয়েও কাজ করেছেন সম্মান এবং ভালবাসার সঙ্গে। কখনও কোনও বিষয়ে অভিযোগ করেননি। তবে সময়ের সঙ্গে এই রোগ আরও জটিল হলে তিনি তাঁর কাজ করার ক্ষমতা হারাতে থাকেন। ভ্যালেরির বন্ধু আরও জানান তাঁকে ছাড়া এই পৃথিবী যেন কম সুন্দর লাগছে। অভিনেত্রী তাঁর জীবনের সবটুকু স্বাদ আস্বাদন করে দিয়েছেন এবং একজন প্রকৃত ইনস্পিরেশন ছিলেন বলে দাবি করেন। প্রসঙ্গত ভ্যালেরি পেরিনের এই বন্ধু বিগত কয়েক বছর ধরেই তাঁর দেখাশোনা করছিলেন। শেষ দিকে ভ্যালেরি পেরিনের চিকিৎসার খরচ এত বেড়ে যায় চাঁদা তুলতে হয়। জানা গিয়েছে সেই অর্থ দিয়েই তাঁর শেষকৃত্য করা হবে।

১৯৭০-এর দশকে হলিউডে নিজের আলাদা জায়গা তৈরি করেছিলেন ভ্যালেরি। 'সুপারম্যান'-এ অভিনয়ের পাশাপাশি 'লেনি' ছবিতে হানি ব্রুসের চরিত্রে তাঁর অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয় এবং সেই ছবির জন্যই তিনি অস্কার মনোনয়ন পান। কানে পুরস্কার জেতার কৃতিত্বও রয়েছে তাঁর ঝুলিতে। এছাড়াও 'স্লটারহাউজ ৫', 'স্টিমবাথ', 'দ্য লাস্ট আমেরিকান হিরো', 'দ্য বর্ডার', 'সুপারম্যান ২', 'ওয়াটার', 'মিস্টার বিলিয়ন',-সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর সৌন্দর্য ও ব্যক্তিত্বও তাঁকে সেই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা দেয়। ১৯৪৩ সালের ৩ সেপ্টেম্বর টেক্সাস-এ জন্মগ্রহণ করেন ভ্যালেরি। ছোটবেলা কেটেছে জাপান ও ফ্রান্স-সহ বিভিন্ন দেশে। জীবনের নানা উত্থান-পতনের মধ্য দিয়েও নিজের অভিনয় দক্ষতায় দর্শকদের মনে চিরস্থায়ী ছাপ রেখে গেলেন এই অভিনেত্রী।
