
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বয়ঃসন্ধিকালের কিশোরীদের মধ্যে ধূমপানের প্রবণতা বেড়েছে, এমনটাই জানাচ্ছে ইন্ডিয়া টোব্যাকো কন্ট্রোল দ্বারা ইস্যু করা রিপোর্ট। আবার অন্যদিকে বয়স্ক মহিলাদের মধ্যে সেই প্রবণতা হ্রাস পেয়েছে।
গবেষণা সূত্রে দেখা গিয়েছে ছেলেদের তুলনায় মেয়েদের মধ্যে ধূমপানের হার ৬.২ শতাংশ বেড়েছে ২০০৯ থেকে ২০১৯ সালের মধ্যে। এই বৃদ্ধি উদ্বেগজনক, বিশেষ করে যেখানে প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে ২.২ শতাংশ এবং মহিলাদের মধ্যে ০.৪ শতাংশ পয়েন্ট করে গিয়েছে। তাদের রিপোর্টে আরও বলা হয়েছে অল্প বয়সী মেয়েদের মধ্যে ধূমপানের প্রবণতা অনেকটাই বেড়েছে। এর থেকেই স্পষ্ট যে তরুণ প্রজন্মের তামাকের প্রতি আকৃষ্ট হওয়ার প্রবণতা খুব বেড়ে চলেছে।
বিশেসজ্ঞরা জানাচ্ছেন, কম বয়সীদের মধ্যে ধূমপান বেড়ে যাওয়ার প্রবণতার পিছনে রয়েছে বেশ কয়েকটি কারণ। যেমন, যেসব কিশোর-কিশোরীদের বাবা-মায়েরা ধূমপান করে তারা তাঁদের থেকেই উৎসাহ পায়। এছাড়া বিভিন্ন বিপণন প্রচারাভিযানগুলিতে ধূমপানকে যেভাবে আকর্ষণীয় করে দেখানো হয় তাতেই তরুণ প্রজন্ম আরও বেশি করে উৎসাহিত হচ্ছে। এছাড়াও নতুন কিছু করতে যাওয়া ও সেইসঙ্গে মানসিক চাপ ও উদ্বেগ, দুর্বল আত্মসম্মানবোধ, মানসিক নির্যাতনের মতো জীবনের নেতিবাচক পরিস্থিতিগুলো সামাল দিতে তামাকজাত দ্রব্যের সহজ অ্যাক্সেস ধূমপানে আসক্তির অন্যতম প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।
