
নয়াদিল্লি, ২৩ মে : রোজগার মেলার মাধ্যমে নিয়োগ ব্যবস্থায় স্বচ্ছতা এসেছে, জোর দিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং। তিনি বলেন, "রোজগার মেলার মাধ্যমে শুধু সরকারি চাকরিতে নিয়োগের সংখ্যাই বাড়েনি, বরং নিয়োগ ব্যবস্থায় স্বচ্ছতাও এসেছে। নিয়োগ প্রক্রিয়ায় সময়সীমা বা ডেডলাইনের শৃঙ্খলাও বেড়েছে। নিয়োগ ব্যবস্থার প্রতি প্রার্থীদের আস্থাও বেড়েছে। এটাও দেখা গেছে যে, এই রোজগার মেলার মাধ্যমে নিযুক্ত প্রার্থীদের মেধা উন্নত মানের হয়েছে।"
বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দফতর ও সংস্থায় চাকরিতে নবনিযুক্ত ৫১,০০০-এর বেশি যুবক-যুবতীকে শনিবার ঊনবিংশতিতম রোজগার মেলায় নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেলা এগারোটায় ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে এই নিয়োগপত্র প্রদান করা হয়। ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংও। তিনি বলেন, "আপনার (প্রধানমন্ত্রী মোদী) 'রোজগার মেলা'র পরীক্ষা-নিরীক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে অনেক রাজ্য সরকারও রাজ্য-স্তরের নিয়োগের জন্য অনুরূপ রোজগার মেলার আয়োজন শুরু করেছে। উত্তর প্রদেশ, রাজস্থান, বিহার, অসম, মহারাষ্ট্র, গুজরাট, উত্তরাখণ্ড, ওড়িশা, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ত্রিপুরা ইত্যাদি রাজ্যে অনুষ্ঠিত রোজগার মেলাগুলির মাধ্যমে এ পর্যন্ত ৫.৫-৬ লক্ষেরও বেশি চাকরির সুযোগ তৈরি হয়েছে। এর ফলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা দেশের যুবকদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষারও জোয়ার এসেছে।"
