
চন্ডীগড়, ১৯ ফেব্রুয়ারি: কেন্দ্রীয় সরকার ও কৃষককদের মধ্যে চতুর্থ বৈঠকও নিষ্ফলা বলাই যেতে পারে। যদিও, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, "নতুন ধারণা এবং চিন্তাভাবনা নিয়ে, আমরা ভারতীয় কিষান মজদুর ইউনিয়ন এবং অন্যান্য কৃষক নেতাদের সঙ্গে ইতিবাচক আলোচনা করেছি।" সরকারের পক্ক থেকে কৃষক সংগঠনের সামনে বেশ কিছু প্রস্তাব আনা হয়েছে। পীযূষ গোয়েল বলেছেন, গত ১০ বছরে প্রধানমন্ত্রী মোদী যে কাজগুলি করেছেন, তা কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে সম্পর্কে আমরা বিশদ আলোচনা করেছি।
রবিবার সন্ধ্যায় চন্ডীগড়ে কৃষকদের সঙ্গে চতুর্থ বৈঠকে বসেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল, অর্জুন মুন্ডা ও নিত্যনন্দ রাই। রবিবার গভীর রাতে এই বৈঠক শেষ হয়। বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, "আমরা একসঙ্গে একটি খুবই উদ্ভাবনী ধারণা প্রস্তাব করেছি, যেমন ন্যাশনাল কো-অপারেটিভ কনজ্যুমারস ফেডারেশন অফ ইন্ডিয়া এবং ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া, এমএসপি-তে কৃষকদের কাছ থেকে পণ্য কেনার বিষয়ে পরবর্তী ৫ বছরের জন্য চুক্তি করবে। পরিমাণের কোনও সীমা থাকবে না।" গোয়েল আরও বলেন, "ভারতের কটন কর্পোরেশন এমএসপি-তে ফসল কেনার জন্য কৃষকদের সঙ্গে ৫ বছরের আইনি চুক্তিতে প্রবেশ করবে।" কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল আরও বলেছেন, "বৈঠক চলাকালীন কৃষকরা জলের তলানি হ্রাসের মধ্যে ফসল বৈচিত্র্যের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন।"
