
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ঘূর্ণিঝড়ের পরবর্তী ত্রিপুরা, অসম, সিকিমে তুমুল বৃষ্টিপাত চলছে। সেখান থেকে প্রচুর মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে শেল্টার হোমে। তিস্তার জলস্তরও ক্রমশ বেড়েছে এই এক টানা বৃষ্টির কারণে। ফের একবার বন্যা দেখবে না তো সিকিম? অন্তত আশঙ্কা করা হচ্ছে এমনটাই।
মঙ্গনের জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, লাগাতার বৃষ্টিপাত চলছে উত্তর সিকিমের বিস্তীর্ণ অংশে। এর জেরে অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে তিস্তার জলস্তর। অপেক্ষাকৃত নীচু এলাকাগুলি জলস্তর উপচে ভেসে যাওয়ার আশঙ্কায় আগে থেকে অ্যালার্ট জারি করেছেন মঙ্গন জেলাশাসক।
অক্টোবরের বন্যা পরিস্থিতির আতঙ্ক এখনও ভুলতে পারেনি সিকিম। লোনাক নদীতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ দুর্যোগের সম্মুখীন হয়েছিল এই পাহাড়ি রাজ্য। ভেসে গিয়েছিল উত্তর সিকিম সহ একাধিক পর্যটন এলাকা। এমনকী রাজধানী গ্যাংটক শহরও জলে ডুবে গিয়েছিল। পর্যটন ব্যবসায় ধস নেমেছিল। দীর্ঘদিন ধরে ব্যাহত ছিল সিকিমের পর্যটন। ট্যুর বাতিল করে দিয়ে হয়েছিল অসংখ্য পর্যটককে। সেই পরিস্থিতির পর ধীরে ধীরে ছন্দে ফিরেছে সিকিম। ২০২৪ সালের শুরু থেকেই সিকিমের নানা পর্যটন স্থলগুলিতে উপচে পড়ে পর্যটকদের ভিড়। ধুঁকতে থাকা পর্যটন ব্যবসাকে ফের চাঙ্গা করতে একাধিক উদ্যোগ নিচ্ছে সিকিম সরকার। তবে ফের একবার জলস্তর বাড়তে থাকায় তীব্র আতঙ্ক তৈরি হয়েছে।
