
জম্মু, ৮ জুলাই : কড়া নিরাপত্তায় তীর্থযাত্রীদের সপ্তম দল বুধবার অমরনাথের উদ্দেশ্যে রওনা হয়েছে। ৯,৮৩৭ জন তীর্থযাত্রীর সপ্তম দলটি বুধবার ভোরে জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস থেকে রওনা হয়েছে। রামবান জেলা ও সংলগ্ন এলাকায় মধ্যরাত পর্যন্ত হওয়া হালকা বৃষ্টিপাত তীব্র গরম থেকে বহু-কাঙ্ক্ষিত স্বস্তি এনে দিয়েছে, যার ফলে তীর্থযাত্রী ও স্থানীয় বাসিন্দা—উভয়ের জন্যই আবহাওয়া মনোরম হয়ে উঠেছে।
আবহাওয়ার এই উন্নতির ফলে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক দিয়ে যাত্রীবাহী গাড়ির কনভয়ের যাত্রাও আরামদায়ক হয়েছে। জম্মুর জোনাল পুলিশ কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, তীর্থযাত্রীদের কনভয়টকে দু'টি রুটে ভাগ করা হয়েছিল; এর মধ্যে ৪,৪৮০ জন তীর্থযাত্রী বালতাল রুটের দিকে এবং ৫,৩৫৭ জন পহেলগাম রুটের দিকে রওনা হন। ১৭৩টি গাড়িতে ৪,৪৮০ জন তীর্থযাত্রী নিয়ে বালতালগামী কনভয়টি ভোর ৪টা ২০ মিনিটে রওনা হয় এবং ১৮৮টি গাড়িতে ৫,৩৫৭ জন তীর্থযাত্রী নিয়ে পহেলগামগামী কনভয়টি ভোর ৪টা ৫৪ মিনিটে যাত্রা শুরু করে।
