
নয়াদিল্লি, ১২ ডিসেম্বর : জাতীয় মুখপাত্র সাকেত গোখলের গ্রেফতারি ও হেনস্তার বিরুদ্ধে নালিশ জানাতে সোমবার জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস।
গুজরাট পুলিশ দ্বারা দলের জাতীয় মুখপাত্র ও আইটি বিশেষজ্ঞ সাকেত গোখলের দু’বার গ্রেফতারি ও হেনস্তার প্রতিবাদ জানান তাঁরা। সূত্রের দাবি, এদিন দিল্লিতে কমিশনে হাজির হয় তৃণমূলের পাঁচ সদস্যের বিশেষ সংসদীয় প্রতিনিধি দল। সেখানে উপস্থিত ছিলেন প্রবীণ লোকসভা সাংসদ সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যসভা দলনেতা ডেরেক ও’ব্রায়েন, মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায় এবং রাজ্যসভা সাংসদ মৌসম বেনজির নূরের মতো দলের শীর্ষস্থানীয় নেতারা।
গত সোমবার রাতে, মোরবির সেতু বিপর্যয় নিয়ে সরকার বিরোধী টুইট করার অভিযোগে সাকেত গোখলেকে গ্রেফতার করেছিল গুজরাট পুলিশ। তাঁকে ২ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেয় আদালত। এরপর গত বৃহস্পতিবার জামিনও পেয়ে যান সাকেত। কিন্তু সেদিন রাতেই ফের গ্রেফতার করা হয় তৃণমূল নেতাকে। দলের রাজ্য সাংসদ ডেরেক ও’ব্রায়েন টুইটে লেখেন, ‘জামিন পাওয়ার পরেও তৃণমূল নেতাকে হেনস্তা করেছে গুজরাট পুলিশ। আহমেদাবাদ সাইবার থানা থেকে বেরোনোর সময়ে পরোয়ানা ছাড়াই গ্রেফতার করা হয়েছে সাকেত গোখলেকে।’
