
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অবশেষে থামল মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়, ভারতের স্বাগত বার্তা। বুধবার ভোরে সংঘাতবিরতি কার্যকর হতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, ভারত বরাবরই যুদ্ধবিরোধী এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষপাতী। ভারতের বিবৃতিতে কেবল শান্তির বার্তাই নয়, বরং প্রচ্ছন্নভাবে বিশ্ব বাণিজ্যের স্থিতিশীলতার ওপর জোর দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে, ইরান-আমেরিকা সংঘাতের ফলে ভারতের মতো উন্নয়নশীল দেশগুলো জ্বালানি সংকটের যে আশঙ্কায় ছিল, এই যুদ্ধবিরতি সেই মেঘ কাটাতে সাহায্য করবে। ভারত এখন আলোচনার মাধ্যমে স্থায়ী শান্তির পথ প্রশস্ত করার আহ্বান জানিয়েছে।
ভারতীয় সময় অনুযায়ী, বুধবার ভোরে যুদ্ধবিরতির ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির প্রস্তাব অনুযায়ী, আগামী দু’সপ্তাহ আমেরিকা ইরানে কোনও রকম সামরিক অভিযান চালাবে না। অন্যদিকে, শর্তসাপেক্ষে হরমুজ মুক্ত করবে ইরান। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারত। যুদ্ধবিরতি নিয়ে প্রথমবার মুখ খুলে নয়াদিল্লি বিবৃতি জারি করেছে। বিদেশমন্ত্রকের তরফে বলা হয়, ‘সংঘর্ষবিরতিকে স্বাগত জানাই। আশা করি মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি ফিরবে। আমরা আগেও বহুবার বলেছি, যুদ্ধ থামিয়ে কূটনৈতিক আলাপ-আলোচনার মাধ্যমে এই সংঘাত শেষ করা হোক।’
ইরান যুদ্ধের প্রত্যক্ষ প্রভাব পড়েছে ভারতের উপরে। হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে ভারতের তেল এবং গ্যাস আমদানিতে টান পড়েছে। দেশজুড়ে জ্বালানি সংকটও দেখা দিয়েছে। সংঘর্ষবিরতির পর হরমুজে যেন স্বাভাবিকভাবে পণ্যবাহী জাহাজ চলাচল করতে পারে, আশা করছে ভারত। বিবৃতিতে বলা হয়, ‘এই যুদ্ধে বহু মানুষকে ভুগতে হয়েছে। গোটা বিশ্বের জ্বালানি সরবরাহ, বাণিজ্য সমস্ত কিছুই ভেঙে পড়েছে। আশা করি এবার নির্বিঘ্নে জাহাজ চলাচল করতে পারবে, হরমুজে স্বাভাবিক ভাবে বাণিজ্য চলবে।’ বিবৃতিতে মনে করিয়ে দেওয়া হয়েছে, পশ্চিম এশিয়ায় শান্তি বজায় রাখতে ভারত বদ্ধপরিকর।যুদ্ধ থামতেই ইরানের ভারতীয় দূতাবাসের তরফ থেকে জারি করা হয়েছে বিশেষ নির্দেশিকা। সেখানে বলা হয়েছে, ‘বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ইরানে থাকা সকল ভারতীয় নাগরিকদের নির্দেশ দেওয়া হচ্ছে, যেভাবে হোক আপনারা দ্রুত ইরান ছেড়ে বেরিয়ে যান।’ যুদ্ধবিরতির মেয়াদ আপাতত ১৪ দিন। তারপরে আবারও যুদ্ধের আগুনে পুড়বে না তো মধ্যপ্রাচ্য? অন্তত ২০টি ভারতীয় জাহাজ হরমুজ প্রণালীতে আটকে রয়েছে বলে শোনা গিয়েছিল দিনকয়েক আগে। সংঘর্ষবিরতির মেয়াদ ফুরনোর আগে সেগুলি ভারতে ফিরতে পারবে তো?
