
নয়াদিল্লি, ২২ জুলাই : নিট পরীক্ষার প্রশ্নফাঁস এবং পরীক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে দিল্লির যন্তর মন্তরে চলা আন্দোলনকে দেশের স্বাধীনতা-পরবর্তী ইতিহাসের বৃহত্তম আন্দোলন বলে দাবি করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বুধবার দলের জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, সরকারের পক্ষ থেকে দাবি না মানা হলে আগামী দিনে আরও বড় আন্দোলন হবে। আশুতোষ রাঙ্কা বলেন, ‘‘২০ জুলাই যা ঘটেছে, তা ছিল কেবল ট্রেলার। সরকার যদি দাবি না মানে, তাহলে আরও লক্ষ লক্ষ মানুষ দিল্লিতে আসবেন। এবার আর আমরা চুপ করে থাকব না। দেশের যুবসমাজ এই সরকারকে কঠিনভাবে জবাব দেবে।’’ তিনি আরও বলেন, ‘‘দেশের যুবসমাজ আর নীরব থাকবে না। এতদিন আমাদের অনেক অপ্রয়োজনীয় বিষয় নিয়ে ব্যস্ত রাখা হয়েছে। এবার আমরা আসল সমস্যাগুলির জন্য সরব হয়েছি এবং আর পিছিয়ে যাব না।’’
আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবেই আন্দোলন করছেন বলে দাবি করে রাঙ্কা বলেন, ২০ জুলাইয়ের সংসদ অভিযানের সময়ও আন্দোলনকারীরা শান্তিপূর্ণ ছিলেন। পুলিশের পদক্ষেপ এবং পড়ুয়াদের উপর লাঠিচার্জের পরই পরিস্থিতি উত্তপ্ত হয় বলে অভিযোগ করেন তিনি। রাঙ্কা বলেন, ‘‘যুবরা ৩১ দিন ধরে শান্তিপূর্ণভাবে এখানে বসে রয়েছেন। আমরা মহাত্মা গান্ধী ও ড. বি আর আম্বেদকরের আদর্শে বিশ্বাস করি।’’
আন্দোলনকারীদের বিরুদ্ধে এফআইআর দায়েরের বিরোধিতা করে তিনি বলেন, কোনও আন্দোলনকারীর বিরুদ্ধে এফআইআর বা ভবিষ্যতে কোনও এফআইআর দায়ের না করার দাবি জানানো হয়েছে। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন শেষ হবে না বলেও স্পষ্ট করেন তিনি। রাঙ্কা বলেন, ‘‘আমাদের নেতৃত্ব কোনও এফআইআরকে ভয় পায় না। প্রথম দিন থেকেই ইউএপিএ বা এনএসএ-র অধীনে গ্রেফতার হতেও আমরা প্রস্তুত। আমাদের লড়াইয়ের জন্য জেল একটি ছোট মূল্য।’’
তিনি আরও বলেন, এই আন্দোলন কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়। দেশের স্বার্থে এবং যুবসমাজের ভবিষ্যতের জন্য সমস্ত রাজনৈতিক দলের মানুষকে এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। এমনকি বিজেপির লোকজনও এই আন্দোলনে যোগ দিলে তাঁদের স্বাগত জানানো হবে বলে মন্তব্য করেন সিজেপির জাতীয় মুখপাত্র।
এদিকে, সিজেপির মুখপাত্র বিজেতা দহিয়াকে পদ থেকে সরানোর প্রসঙ্গেও মুখ খোলেন আশুতোষ রাঙ্কা। তিনি বলেন, বিজেতা দহিয়ার কিছু ভিডিওকে দল ‘অসংবেদনশীল’ বলে মনে করেছে। জনমতের কথা মাথায় রেখেই তাঁকে দলের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
