
গুয়াহাটি, ২৬ মে: যাত্রীদের সুরক্ষা, সুবিধা ও স্বাচ্ছন্দ্য দিতে গত বছর দশটি নতুন ফুট ওভার ব্রিজ (এফওবি) চালু করেছে উত্তরপূর্ব সীমান্ত (এনএফ) রেলওয়ে। এছড়া প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্থানে আরও বেশি করে ফুট ওভার ব্রিজ নির্মাণ করছে এনএফ রেলওয়ে কর্তৃপক্ষ।
এ খবর জানিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, এনএফ রেলওয়ের পাঁচটি ডিভিশন যথাক্রমে কাটিহার, আলিপুরদুয়ার রঙিয়া, লামডিং এবং তিনসুকিয়ায় বিভিন্ন প্রস্থ ও দৈর্ঘ্যের ২৭৯টি কার্যক্ষম এফওবি রয়েছে। ২০২৩-২৪-এর বিগত অর্থবর্ষে জোনের রঙিয়া ও কাটিহার ডিভিশনে মোট ১০টি নতুন এফওবি নির্মাণ করা হয়েছে। রঙিয়া ডিভিশনের অধীনে আজারা, পাতিলাদহ, সরভোগ, শিংরা, বকো, বামুনিগাঁও, চাংসারি, ছয়গাঁও এবং বাইহাটা স্টেশনে একটি করে এফওবি নির্মাণ করা হয়েছে। কাটিহার ডিভিশনের হরিশ্চন্দ্রপুর রেলওয়ে স্টেশনে একটি নতুন এফওবি নির্মাণ করা হয়েছে।
যাত্রীদের জন্য রেলওয়ে স্টেশনগুলিতে লিফ্ট ও এসকেলেটর, এফওবি, আপ-ক্লাসওয়েটিং লাউঞ্জ ইত্যাদির মতো অত্যাধুনিক সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছে রেলওয়ে। ট্রেনে যাত্রা করার সময় যাত্রীদের উন্নতমানের সুরক্ষা ও সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের নির্দিষ্ট নির্বাচিত স্টেশনগুলিতে ‘অমৃত ভারত স্টেশন স্কিম’-এর অধীনে ৫৬টি নতুন এফওবি নির্মাণ করা হবে, জানান উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।
