NFR Rail : ইউটিএস মোবাইল অ্যাপের মাধ্যমে অসংরক্ষিত টিকিট বুকিঙের সিদ্ধান্ত এনএফ রেলের

NF Rail_book unreserved tickets_UTS mobile app
NF Rail_book unreserved tickets_UTS mobile app

 

গুয়াহাটি, ১৮ নভেম্বর  : রেল মন্ত্রকের পক্ষ থেকে আনরিজার্ভড টিকেটিং সিস্টেম (ইউটিএস) মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অসংরক্ষিত টিকিট বুকিং করার সুবিধাকে আরও প্রসারিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে এখন থেকে ইউটিএস-এর মাধ্যমে নন-সাবআরবান সেকশনের জন্য ২০ কিমি দূরত্বের জন্য টিকিট বুক করা যাবে। অন্যদিকে, সাবআরবান অঞ্চলে এর দূরত্ব বাড়িয়ে ৫ কিলোমিটার করা হয়েছে।

এই তথ্য দিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, আগে ইউটিএস মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে নন-সাবআরবান সেকশনের জন্য ৫ কিমি পর্যন্ত দূরত্বের জন্য অসংরক্ষিত টিকিট বুক করা যেত। সাবআরবান সেকশনের জন্য মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে দূরত্বের সীমাবদ্ধতা ছিল ২ কিমি।

তিনি বলেন, ভ্রমণের পরিকল্পনা করা যাত্রীদের জন্য অসংরক্ষিত টিকিট বুকিং অধিক সুবিধাজনক। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যাত্রীরা আনরিজার্ভড টিকেটিং সিস্টেম (ইউটিএস) মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিজেদের স্মার্ট ফোন থেকেই অসংরক্ষিত টিকিট ক্রয় করতে পারেন। উপলব্ধতার ভিত্তিতে ইউটিএস মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে সমস্ত স্টেশনের জন্য দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে অসংরক্ষিত টিকিট বুক করা যাবে। এর আগে শুধুমাত্র নির্দিষ্ট জোন ও সীমার মধ্যে ভ্রমণকারী যাত্রীদের জন্যই ইউটিএস মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অসংরক্ষিত টিকিট ক্রয় করা যেত।

ইউটিএস মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে সিজন টিকিট, মাসিক পাস ও প্ল্যাটফর্ম টিকিট বুক করাও যাবে। যার ফলে যাত্রীরা সময় বাঁচানোর পাশাপাশি টিকিট কাউন্টারে লম্বা লাইনে দাঁড়ানোর ঝামেলা থেকেও রক্ষা পাবেন। ওয়ালেট অথবা ইন্টারনেট ব্যাংকিঙের মাধ্যমে টিকিটের পেমেন্ট করা যাবে বলে জানান উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

সব্যসাচী দে জানান, অ্যানড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মেই ইউটিএস মোবাইল অ্যাপ্লিকেশন পাওয়া যাবে এবং সেখান থেকে বিনামূল্যে ডাউনলোড/ইনস্টল করা যাবে। ইউটিএস মোবাইল অ্যাপ্লিকেশনটির ব্যবহারযোগ্যতা ও কাস্টোমার ইন্টারফেসের জন্য ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…