
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক ঃ ৩০ মে সন্ধ্যা থেকে ১ জুন সন্ধ্যাবেলা পর্যন্ত ঐতিহাসিক কন্যাকুমারীর বিবেকানন্দ রকে ধ্যানে মগ্ন হবেন প্রধানমন্ত্রী। একথা জানা গিয়েছিল মঙ্গলবার বিকেলেই। এবার এই পরিকল্পনাতেই তীব্র আপত্তি জানাল তামিলনাড়ু কংগ্রেস। এই প্রসঙ্গে অভিযোগে তাঁরা জানিয়েছেন এতে নির্বাচনী বিধিভঙ্গ হবে। তাই নির্বাচন কমিশনের উচিত এই বিষয়ে অনুমতি না দেওয়া।
৪ জুন ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ভোটগণনা। তার আগে এবারের শেষ ভোটদান পর্ব ১ জুন। যার প্রচার শেষ হবে ৩০ মে। ফলে প্রচার শেষ হওয়া মাত্রই এবারের মতো মোদিরও ভোটপ্রচার শেষ। আর তার পরই সেদিন সন্ধ্যা থেকে ধ্যানে বসার পরিকল্পনা রয়েছে তাঁর। আর এখানেই আপত্তি হাত শিবিরের। দক্ষিণী রাজ্যের কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, এভাবে ধ্যান করে ‘পরোক্ষে প্রচার’ই চালাবেন প্রধানমন্ত্রী।
সে রাজ্যের কংগ্রেস সভাপতি কে সেলভাপেরুনথাগাইয়ের দাবি, যেহেতু নির্বাচনী বিধি লাগু রয়েছে, তাই মোদিকে বিবেকানন্দ রকে ধ্যানের অনুমতি যেন না দেয় কমিশন। তাঁর কথায়, ”এটা পরিষ্কার যে, মোদি (PM Modi) নির্বাচনের আগে ৪৮ ঘণ্টার নীরব সময়ে এমন ঘটনা ঘটিয়ে মিডিয়ার মাধ্যমে গোপনে প্রচার চালাতে চাইছেন। এই বিষয়ে আমরা একটি চিঠি পাঠাব কমিশনকে। প্রয়োজন হলে মাননীয় আদালতের দ্বারস্থও হব।”
