
নয়াদিল্লি, ১০ জানুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১২ জানুয়ারি ২৬ তম জাতীয় যুব উৎসবের সূচনা করবেন, ১২ জানুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। কর্ণাটকের হুব্বালি-ধারওয়াড় শহরে অনুষ্ঠিত হবে জাতীয় যুব উৎসব। মঙ্গলবার নতুন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, এই বছরের যুব উৎসবের থিম হল 'বিকশিত যুব, বিকশিত ভারত'।
তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১২ জানুয়ারি জাতীয় যুব উৎসব-২০২৩-এর উদ্বোধন করবেন। সমগ্র দেশ থেকে ৭,৫০০-এরও বেশি যুব প্রতিনিধি এই অনুষ্ঠানে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। অনুরাগ ঠাকুর বলেন, কালারিপায়াতু, ঠ্যাংটা, গাটকা, মল্লখাম্ব এবং যোগাসনের মতো ঐতিহ্যবাহী খেলাগুলি উৎসবের অংশ হবে।
মন্ত্রী বলেন, জি-২০-এর সভাপতিত্ব গ্রহণ করা ভারতের জন্য একটি দুর্দান্ত মুহূর্ত। এর আওতায় সারাদেশে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যুব আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনায় জাতীয় শিক্ষানীতি, জলবায়ু পরিবর্তন, জল ও জ্বালানি বিষয়ে আলোচনা হবে।
