
শিলং, ৬ জুন: বিজেপি নেতৃত্বাধীন ‘ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স’ (এনডিএ)-এর শরিক হবে না মেঘালয়ের ‘ভয়েস অব দ্য পিপল পার্টি’ (ভিপিপি)। দল ধর্মনিরপেক্ষ এবং সংখ্যালঘুদের অধিকার আদায়ে অঙ্গীকারবদ্ধ। স্পষ্ট করেছেন ভিপিপি সভাপতি আর্ডেন্ট মিলার বাসাইয়াওমইত।
আজ বৃহস্পতিবার আর্ডেন্ট মিলার বাসাইয়াওমইত দৃঢ়তার সঙ্গে বলেছেন, তাঁরা বিভিন্ন ধারায় বিশ্বাসী এবং নীতিধারী রাজনৈতিক দলগুলির সাথে জোট গঠন থেকে বিরত থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ধর্মনিরপেক্ষতার প্রতি ভিপিপি-র প্রতিশ্রুতি এবং সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধার ওপর জোর দিয়ে বলেন, তাঁরা দেশ তথা দেশের জনগণের সমর্থন করেন।
তাই, সংখ্যালঘুদের অধিকার রক্ষার তাগিদে তাঁরা ইন্ডি জোটকে সমর্থন করতে পারেন, বলেন বাসাইয়াওমইত। তিনি বলেন, তবে এখনই ভিপিপি আনুষ্ঠানিকভাবে ইন্ডি জোটের অংশীদার হওয়ার সিদ্ধান্ত নেয়নি। প্রয়োজনে সমর্থন করার কথা ভাবা হবে।
এখানে উল্লেখ করা যেতে পারে, শিলং সংসদীয় আসনে ভয়েস অব দ্য পিপল পার্টি-র প্রার্থী ড. রিকি অ্যান্ড্রু জে সিংকন বিজয়ী হয়েছেন। কংগ্রেস প্রার্থী তিনবারের সাংসদ ভিনসেন্ট এইচ পালাকে ৩,৭১,৯১০ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন ড. রিকি অ্যান্ড্রু জে সিংকন।
