
নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি : মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও লোকসভার প্রাক্তন অধ্যক্ষ মনোহর যোশীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতিও তিনি গভীর সমবেদনা জানিয়েছেন।
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা শুক্রবার সকালে সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে শোকবার্তা জানিয়েছেন। তিনি এক্স পোস্টে লিখেছেন, ''আমি লোকসভার প্রাক্তন অধ্যক্ষ এবং প্রবীণ রাজনীতিবিদ মনোহর যোশীর মৃত্যুতে শোক প্রকাশ করছি। গণতান্ত্রিক মূল্যবোধকে সমৃদ্ধ করে তিনি শ্রেষ্ঠ সংসদীয় ঐতিহ্য প্রতিষ্ঠা করেন। লোকসভা পরিচালনার স্বতন্ত্র ও সুষ্ঠু শৈলীর কারণে তিনি সব দলের নেতাদের থেকে সম্মান পেয়েছেন।''
বিড়লা আরও লিখেছেন যে "লোকসভায় ওঁনার কার্যপদ্ধতি অনুসরণ করে আমার কাজ মসৃণ হয়েছে। ওঁনার মৃত্যু আমার জন্যও ব্যক্তিগত ক্ষতি। ঈশ্বর ওনার আত্মার শান্তি দিক। ওঁনার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।''
