
নয়াদিল্লি, ১২ জুন: নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার। ভারতের পরবর্তী সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডের স্থলাভিষিক্ত হচ্ছেন। জানা গেছে, ৩০ জুন ভারতের সেনাপ্রধান পদে দায়িত্ব গ্রহণ করবেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ওইদিনই জেনারেল মনোজ পান্ডের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। লোকসভা নির্বাচনের কারণে বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডের কার্যকালের মেয়াদ এক মাস বাড়ানো হয়। ভোট মিটতেই পরবর্তী সেনাপ্রধানের নাম ঘোষণা করলো কেন্দ্র। চলতি বছরে ১৫ ফেব্রুয়ারি লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ভাইস চিফ অফ আর্মি স্টাফ অর্থাৎ সহকারী সেনাপ্রধান পদের দায়িত্ব গ্রহণ করেছিলেন। এবার সেনাপ্রধানের দায়িত্ব পেলেন তিনি।
