
চেন্নাই, ১৬ ফেব্রুয়ারি : ভূমধ্যরেখা সংলগ্ন মধ্য ভারত মহাসাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে সোমবার আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, পূর্ব দিকের বাতাসের গতিবেগের পরিবর্তনের কারণে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত তামিলনাড়ুতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। ১৯ ফেব্রুয়ারি রাজ্যের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। সম্ভাব্য নিম্নচাপের গতিপথের উপর নির্ভর করে ২০ ফেব্রুয়ারি কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে, উত্তর তামিলনাড়ুর একাধিক জেলায় সকালবেলা কুয়াশা অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। আগামী দিনে সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে এবং কিছু এলাকায় তা স্বাভাবিকের তুলনায় প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। চেন্নাই সহ শহরতলিতে সংলগ্ন এলাকায় আংশিক মেঘলা আকাশ, সকালবেলা কুয়াশা এবং সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে।
