
নয়াদিল্লি, ১১ মার্চ : লোকসভা ভোটের আগে প্রতিবারই চাহিদা বৃদ্ধি পায় চার্টার্ড প্লেন এবং হেলিকপ্টারের। যানজট এড়িয়ে নির্দিষ্ট গন্তব্যে সঠিক সময়ে পৌঁছতে চার্টার্ড প্লেন বা হেলকপ্টারের বিকল্প নেই। পাশাপাশি প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলেও পৌঁছতেও এর ওপরেই ভরসা রাখেন নেতা-নেত্রীরা। এবছর লোকসভা নির্বাচনে চার্টার্ড প্লেন এবং হেলিকপ্টারের চাহিদা গত নির্বাচনের তুলনায় প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
বেসরকারী সংস্থা ক্লাব ওয়ান এয়ারের সিইও রাজন মেহরা জানিয়েছেন, ব্যক্তিগত বিমানের চাহিদা দ্রুত বাড়বে। চার্টার্ড প্লেন এবং হেলিকপ্টারের প্রাপ্যতার চেয়ে চাহিদা বেশি হবে বলে আশা করা হচ্ছে। ক্রমবর্ধমান চাহিদার কারণে, কিছু কোম্পানি সাধারণ নির্বাচনের সময় চার্টার্ড বিমান এবং হেলিকপ্টার লিজ দেবে। তার জন্য আগামী কিছু দিনের মধ্যেই তারিখ ঘোষণা করা হবে। ভারতের নির্বাচন কমিশনে জমা দেওয়া ২০১৯-২০ সালের বার্ষিক অডিট রিপোর্ট অনুযায়ী বিজেপি বিমান/ হেলিকপ্টারের জন্য মোট ২৫০ কোটি টাকারও বেশি ব্যয় করেছিল।
