
শ্রীনগর, ২৭ ডিসেম্বর : ভারত জোড়ো যাত্রা আসলে জাতীয় পদযাত্রা। বললেন কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল। তিনি বলেছেন, কাশ্মীরেও উত্তোলন করা হবে জাতীয় পতাকা। মঙ্গলবার কাশ্মীরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কে সি বেণুগোপাল বলেছেন, জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপালের সঙ্গে আমরা বৈঠক করেছি, তিনি সমস্ত ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ ও ওমর আবদুল্লাহ, পিডিপি প্রধান মেহবুবা মুফতি এবং সিপিএম নেতা এম ওয়াই তারগামি এই যাত্রায় যোগ দেবেন।
বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বেণুগোপাল এদিন বলেছেন, "কোভিড পরিস্থিতি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন, তবে এই পুরো নাটকটি যাত্রা বন্ধ করার জন্য তৈরি করা হয়েছে। চিন থেকে বিমান আসছে, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শে জাতীয় স্তরে কোনও প্রোটোকল নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জনসভায় যোগ দিচ্ছেন, কিন্তু সেক্ষেত্রে কোনও চিঠি দেওয়া হচ্ছে না।"
