Country

1 hour ago

NDA Parliamentary Party's Meeting : এনডিএ বৈঠকে প্রথম সারির আসন কাকলির, বদলাচ্ছে কি দিল্লির রাজনৈতিক সমীকরণ?

Kakoli in the same seat with Modi-Shah
Kakoli in the same seat with Modi-Shah

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  এনডিএ-র বৈঠকে নজর কাড়লেন তৃণমূলের বিদ্রোহী নেত্রী তথা ন্যাশনালিস্ট সিটিজ়েন্স পার্টি অফ ইন্ডিয়া (এনসিপিআই)-র মুখ্যসচেতক কাকলি ঘোষ দস্তিদার। বৈঠকে তাঁকে একেবারে সামনের সারিতে আসন দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ শীর্ষ নেতৃত্ব যে সারিতে উপস্থিত ছিলেন, সেখানেই জায়গা পান কাকলি। এই আসনবিন্যাস ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। পর্যবেক্ষকদের একাংশের মতে, এনডিএ-র অন্দরমহলে কাকলি ঘোষ দস্তিদার ও এনসিপিআইয়ের গুরুত্ব যে ক্রমশ বাড়ছে, এই ঘটনাই তার স্পষ্ট ইঙ্গিত। দিল্লির ক্ষমতার সমীকরণে তাঁদের অবস্থান আরও শক্তিশালী হয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। 

মঙ্গলবার সকালে এনডিএ-র সংসদীয় দলের বৈঠক বসে। বৈঠকে একেবারে সামনের সারিতে বসেন মোদী, শাহ, রাজনাথ সিংহ, জেপি নড্ডা-সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। ওই একই সারিতে বসেন কাকলি। মোদীর ডানদিকে পঞ্চম আসনে কাকলির বসার ব্যবস্থা করা হয়। এনসিপিআই নির্বাচন কমিশনের খাতায় স্বীকৃত দল। তবে কাকলি-সহ তৃণমূলত্যাগী ২০ সাংসদ এখনও এনসিপিআই সদস্য হিসেবে লোকসভায় স্বীকৃতি পাননি। লোকসভার খাতায়কলমে তাঁরা এখনও তৃণমূলের সাংসদ। বৈঠক থেকে বেরিয়ে কাকলি বলেন, “আমরা আমাদের স্বীকৃতি চেয়ে সব নথিপত্র স্পিকারের কাছে দিয়েছি।” লোকসভায় স্বীকৃতি না-পেলেও এনডিএ বৈঠকে ডাক পেয়েছেন তৃণমূলের বিদ্রোহীরা। সে প্রসঙ্গে এনসিপিআই নেত্রী বলেন, “ওরা (শাসকজোট) আমাদের এনডিএ-র অংশ হিসেবে মনে করে। তাই আমাদের বৈঠকে ডেকেছে।” তাঁর সংযোজন, “আমাদের বসার ব্যবস্থা এবং স্বীকৃতি নিয়ে কথাবার্তা চলছে। তা চূড়ান্ত হয়ে গেলে আমরা জানিয়ে দেব।”

নিট প্রশ্নফাঁস বিতর্কে গত সপ্তাহ থেকে লাগাতার কেন্দ্রকে বিঁধে যাচ্ছে বিরোধী দলগুলি। সোমবারই প্রশ্নফাঁস রুখতে লোকসভায় ‘কঠোর’ বিল পেশ করেছে কেন্দ্র। কিন্তু বিরোধীদের হট্টগোলের জেরে সেই বিল নিয়ে আলোচনা শুরু করা যায়নি। এ অবস্থায় মঙ্গলবার সকালে মোদী-শাহের উপস্থিতিতে শাসকজোটের সংসদীয় দলের বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। পাশাপাশি আসন পুনর্বিন্যাস বিলেও প্রয়োজনীয় সংশোধন করে তা পুনরায় সংসদে পেশ করার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র। সে দিক থেকেও এনডিএ-র বৈঠক এবং সেখানে কাকলিদের উপস্থিতি তাৎপর্যপূর্ণ। সোমবার রাতেই নবান্ন গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক সেরেছেন এনসিপিআই-এর লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, মঙ্গলবার দুপুরে দিল্লিতে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে বসতে পারেন শুভেন্দু। তবে অন্য কর্মসূচিতে ব্যস্ততার কারণে দিল্লি সফর বাতিল করেছেন মুখ্যমন্ত্রী। এ অবস্থায় আগের রাতেই নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন সুদীপ। তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়ার সময়েই বিদ্রোহীরা ঘোষণা করেছিলেন— তাঁরা এনডিএ-কে সমর্থন করবেন। সম্প্রতি দিল্লির ৭, লোক কল্যাণ মার্গে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন সুদীপ। 

গত ১৯ জুলাই এনসিপিআই-এর সংসদীয় দলের প্রথম বৈঠক শেষে সুদীপ ফের নিজেদের অবস্থান স্পষ্ট করেছিলেন। জানিয়েছিলেন, তাঁরা সংসদে এনডিএ-কেই সমর্থন করবেন। পাশাপাশি সুদীপ এ-ও জানান, পশ্চিমবঙ্গে নিজ নিজ এলাকার কোনও সমস্যা নিয়ে দিল্লিতে দরবার না-করার সিদ্ধান্ত নিয়েছেন এনসিপিআই সাংসদেরা। ওই সমস্যাগুলি তাঁরা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরবেন। এই আবহে সোমবার শুভেন্দুর সঙ্গে সুদীপের বৈঠক তাৎপর্যপূর্ণ। বিজেপির নেতৃত্বাধীন শাসকজোটের ওই বৈঠকে কাকলি ছাড়াও ছিলেন সাংসদ শতাব্দী রায়, সায়নী ঘোষ-সহ এনসিপিআই সাংসদেরা। বৈঠক থেকে বেরিয়ে সায়নী বলেন, “আজ প্রথম বার আমি এনডিএ-র বৈঠকে যোগ দিলাম। তথ্যসমৃদ্ধ বৈঠক ছিল। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী-সহ অন্য মন্ত্রীরা উপস্থিত ছিলেন। এফটিএ (ফ্রি ট্রেড এগ্রিমেন্ট) নিয়ে আলোচনা হয়েছে। ব্লু ইকোনমি নিয়ে আলোচনা হয়েছে। এমন গঠনমূলক বৈঠকে যোগ দিয়ে ভাল লাগছে। গত কালই (প্রশ্নপত্র ফাঁস রুখতে) বিল পেশ হয়েছে। আজ আমরা সেটা নিয়ে আলোচনা করব। এই বিলে নিয়ে কোনও বিরোধ থাকাই উচিত নয় বলে আমার মনে হয়।”

You might also like!