
শিমলা, ১০ নভেম্বর : শ্বেতশুভ্র বরফের চাদরে ঢাকা পড়ল হিমাচল প্রদেশের পার্বত্য অঞ্চল। বিগত ২৪ ঘন্টায় নতুন করে তুষারপাতের পর সাদা বরফে ঢাকা পড়েছে চারিদিক। বৃহস্পতিবার সকালে দেখা যায়, সাদা বরফে ঢেকে গিয়েছে লাহুল-স্পিতি-র বড় অংশ। বরফ ছড়িয়ে রয়েছে রাস্তার উপর। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি ঢেকে গিয়েছে বরফের চাদরে। হঠাৎ তুষারপাত পেয়ে বেজায় খুশি ঘুরতে আসা পর্যটকেরা।
হিমাচল প্রদেশের কুল্লু জেলার রোহতাং ও লাহুল-স্পিতিতে বিগত ২৪ ঘন্টায় অনেকটাই তুষারপাত হয়েছে। তুষারপাতের পর বৃহস্পতিবার সকালে অপরূপ সৌন্দর্য্যে সেজে উঠেছে প্রকৃতি। তুষারপাতের কারণে এদিন সকালে অবরুদ্ধ হয়ে পড়ে লাহুল-স্পিতি উপত্যকার বেশ কিছু সড়ক। বরফ সরিয়ে রাস্তায় যানবাহন চলাচলের কাজও দ্রুততার সঙ্গে শুরু হয়। তুষারপাতের পরই ঠাণ্ডা অনেকটাই বেড়েছে। ঠাণ্ডাকে উপেক্ষা করেই রাস্তায় বেরিয়ে পড়েন পর্যটকরা।
