
নয়াদিল্লি, ১২ অক্টোবর : ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত হওয়া মণিপুরের কংগ্রেস সাংসদ অঙ্গোমচা বিমোল আকোইজামের বিরুদ্ধে এবার সুর চড়াল বিজেপি। তাঁর বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে সোমবার দিল্লিতে কংগ্রেস সদর দফতর অভিমুখে বিশাল বিক্ষোভ মিছিল করে বিজেপি মহিলা মোর্চা ও দলের কর্মী-সমর্থকেরা।
বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে অধ্যাপক পদ থেকে আকোইজামকে বরখাস্ত করার ঘটনার পর রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে। এই ইস্যুতে কংগ্রেস নেতৃত্বকে কাঠগড়ায় তুলেছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ তরুণ চুগ। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে তরুণ চুগ বলেন, "এখন দেশের প্রতিটি জেলা সদরে মেয়েরা রাস্তায় নেমে এসেছেন। এক কংগ্রেস সাংসদের দ্বারা সংঘটিত যৌন শোষণের বিরুদ্ধে এখন মহিলারা একযোগে প্রতিবাদ জানাচ্ছেন। ১১ জন যুবতীকে যৌন হেনস্থা করা এক অপরাধীকে আড়াল করছেন স্বয়ং রাহুল গান্ধী। বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি বিষয়টি খতিয়ে দেখে ঘটনার সত্যতা প্রমাণ পাওয়ার পরই তাঁকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করেছে; অথচ সেই বহিষ্কৃত অপরাধীকেই আশ্রয় দিচ্ছেন রাহুল গান্ধী।
উল্লেখ্য, ১১ জন ছাত্রীর অভিযোগের ভিত্তিতে দীর্ঘ তদন্তের পর জেএনইউ কর্তৃপক্ষ আকোইজামের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে তাঁকে দায়িত্ব থেকে অপসারণ করেছে। এই পরিস্থিতিতে বিজেপি দাবি জানিয়েছে, কংগ্রেসকে অনতিবিলম্বে অভিযুক্ত সাংসদকে দল থেকে বহিষ্কার করতে হবে এবং লোকসভা থেকেও তাঁর ইস্তফা নিশ্চিত করতে হবে।
