
গুয়াহাটি, ১৯ ডিসেম্বর : ভারত সরকারের সমস্ত উন্নয়নমূলক কর্মসূচিতে উত্তর-পূর্বাঞ্চলের এক বিশেষ স্থান রয়েছে। পরিবহণ ক্ষেত্রে উন্নত পদ্ধতির মাধ্যমে এই অঞ্চলের রূপান্তরের ক্ষেত্রে ভারতীয় রেলওয়েও এক উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। দেশের অন্যান্য প্রান্তের পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলের মিজোরামকে সংযুক্ত করবে ভৈরবী-সাইরাং নতুন রেলওয়ে লাইন প্রকল্প, যা প্রায় সম্পূর্ণ হওয়ার পথে। একবার এই প্রকল্পটি সম্পূর্ণ হয়ে গেলে দেশের উত্তর-পূর্বাঞ্চল, বিশেষ করে মিজোরামে যোগাযোগ ও বাণিজ্যের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা ঘটবে, বলেছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।
সব্যসাচী দে বলেন, ভৈরবী-সাইরাং প্রকল্পের লক্ষ্য হল উত্তরপূর্ব ভারতে অতিরিক্ত ৫১.৩৮ কিমি রেলওয়ে ট্র্যাক তৈরি করা। নতুন এই রেলওয়ে লাইন প্রকল্পে ৫৫টি মেজর ব্রিজ অন্তর্ভুক্ত আছে। এর জন্য প্রায় ৪২,০০০ মেট্ৰিকটন (এমটি) স্টিল তৈরি, পরিবহণ ও উত্থান করার প্রয়োজন। বিগত ১৪ মাসে রেকর্ড পরিমাণের ৩৫,০০০ এমটি স্টিল তৈরি করা হয়েছে এবং প্রায় ৩০,০০০ এমটি কাজের বিভিন্ন স্থানে পরিবহণ করা হয়েছে। বিভিন্ন সেতু নির্মাণের স্থানে তৈরি করা গার্ডার পরিবহণ করে নিয়ে যাওয়াটা খুব কঠিন ও প্রত্যাহ্বানমূলক কাজ। সরু পাহাড়ি পথের তীক্ষ্ণ বাঁকপূর্ণ স্থানগুলিতে এবং খাড়া ঢালুগুলিতে এ সমস্ত গার্ডার টানা / ঠেলার সাহায্যের জন্য দিন-রাত চব্বিশ ঘণ্টা ট্রেলার ও ভারি মেশিন নিয়োজন করা হয়েছে।
তিনি বলেন, স্টিল গার্ডার খাড়া করা এই প্রকল্পের জটিল কাজ। শীতের রাত ও প্রত্যন্ত অঞ্চল সত্ত্বেও কাজ দ্রুতগতিতে সম্পন্ন করার জন্য ২৪x৭ কাজ করা হচ্ছে। তীব্র ও দীর্ঘ বর্ষা, খুব গভীর জঙ্গলে ঘেরা শক্ত ও পাহাড়ি অঞ্চল, যাতায়াতের অব্যবস্থা, নির্মাণ উপকরণের অপ্রতুলতা এবং মিজোরামে দক্ষ শ্রমিকের অভাব ইত্যাদির জন্য কাজ করার পরিস্থিতি কম থাকার মতো একাধিক প্রত্যাহ্বান সত্ত্বেও এই প্রকল্পের কাজ করা হচ্ছে এবং প্রকল্পটি দ্রুত চালু করার প্রতিশ্রুতি পূরণের জন্য উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে সমস্ত ধরনের প্রয়াস চালাচ্ছে। এমন-কি রাতেও সমস্ত কাজের স্থানে কাজ করা হচ্ছে।
এই প্রকল্প সম্পূর্ণ হলে রাজ্যের পাশাপাশি সমগ্র অঞ্চলের পর্যটন ও আর্থ-সামাজিক উন্নয়ন দ্রুত বৃদ্ধি পাবে। এই অঞ্চলের সাধারণ মানুষ দেশের দূরদূরান্ত অঞ্চলে যাওয়ার সুবিধা লাভ করবেন এবং স্থানীয় মানুষের চাহিদা পূরণের জন্য মিজোরামে অত্যাবশ্যক সামগ্রী সরবরাহ বাধাহীনভাবে করা সম্ভব হবে, বলেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।
