
নয়াদিল্লি, ৬ জুন : ফৈজাবাদে (অযোধ্যা) সমাজবাদী পার্টির জয়ে উৎফুল্ল দলের প্রধান অখিলেশ যাদব। একইসঙ্গে উপর্যুপরি আক্রমণ করেছেন বিজেপিকে। দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ যাদব বলেছেন, "প্রকৃত সত্য হল উত্তর প্রদেশে বিজেপি আরও বেশি আসন হারাত। আমি অযোধ্যাবাসীকে ধন্যবাদ জানাই। অযোধ্যার বেদনা আপনারা সময়ে সময়ে দেখেছেন। তাঁদের জমির জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হয়নি, তাঁদের প্রতি অবিচার করা হয়েছে, তাঁদের জমি বাজার মূল্যের সমান অধিগ্রহণ করা হয়নি, তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জোরপূর্বক জমি কেড়ে নেওয়া হয়েছিল।"
অখিলেশ যাদব আরও বলেছেন, "একটি পবিত্র জিনিসের জন্য আপনারা গরীবদের ধ্বংস করেছেন। সেই কারণেই, আমি মনে করি অযোধ্যা এবং পার্শ্ববর্তী এলাকার মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে।" অগ্নিবীর প্রকল্প বাতিলের আবেদন জানিয়ে অখিলেশ যাদব বলেছেন, "আমি মনে করি অগ্নিবীর ব্যবস্থা অবিলম্বে বাতিল করা উচিত। সরকারের স্বীকার করা উচিত যে এটি একটি ভুল ছিল, অগ্নিবীর ব্যবস্থা চালু করা উচিত ছিল না।"
