
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : রাজ্যে সরকার পরিবর্তনের পর ফের ডিভিসি-র ‘দামোদর ভ্যালি রিভার রেগুলেশনস কমিটি’-তে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিল নতুন প্রশাসন। উল্লেখ্য, আগের তৃণমূল সরকারের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে দায়ী করে ‘ম্যান-মেড বন্যা’র অভিযোগ তুলেছিলেন।
মুখ্যমন্ত্রী হওয়ার পরেই শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) প্রশাসনিক মহলে খোলনলচে বদল করছেন। এবার ফের নতুন করে ডিভিসিতে ফের রাজ্যের প্রতিনিধি থাকবে বলে খবর। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশেই এই পদক্ষেপ করা হচ্ছে। গত দু’বছর ধরে এই কমিটিতে কোনও প্রতিনিধি পাঠায়নি রাজ্য। আগের সরকারের আমলে ডিভিসির তরফে আগাম না জানিয়ে জল ছাড়ার অভিযোগে ক্ষুব্ধ হয়ে রাজ্য সরকার এই কমিটি থেকে নিজেদের প্রতিনিধি প্রত্যাহার করে নিয়েছিল। সূত্রের খবর, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেন। সেই বৈঠকেই ভবিষ্যতে সমন্বয় বজায় রেখে জল ছাড়ার বিষয়ে জোর দেওয়া হয়।
সূত্রের খবর, সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এবার থেকে ডিভিসি রাজ্যের সঙ্গে সমন্বয় রেখে জল ছাড়বে। পাশাপাশি বিদ্যুৎ দপ্তর এবং সেচ দপ্তরের প্রতিনিধিদের ডিভিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে কাজ করার নির্দেশও দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। ডিভিসির জল ছাড়া নিয়ে অতীতে একাধিকবার রাজ্য ও ডিভিসির মধ্যে সংঘাত তৈরি হয়েছিল। এবার সেই পরিস্থিতি এড়াতেই সমন্বয়ের উপর জোর দিচ্ছে নতুন সরকার। এদিকে বর্ষার আগেই পুরসভাগুলোকে সক্রিয় করার বার্তা দিয়েছে নবান্ন। এদিন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “সামনেই বর্ষাকাল। তাই নিকাশি ব্যবস্থা ও আবর্জনা পরিষ্কারের কাজগুলো শুরু করতে হবে।”
