
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দক্ষিন বঙ্গে গত সপ্তাহে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের জেরে বেশ অনেকটাই পারদ পতন হলেও আগামী কয়েক দিনে কলকাতা এবং লাগোয়া এলাকায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
মঙ্গলবার বিকেলে হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় আগামী দু’দিন বৃষ্টি হতে পারে। মঙ্গলবার এবং বুধবার ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি। তবে বুধবারের পর থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি বিদায় নিতে চলেছে। আপাতত কয়েক দিন সেখানে শুষ্ক আবহাওয়া থাকবে। ঝড়বৃষ্টি হবে না।
মঙ্গলবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা গুলিতে বিক্ষিত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও,আগামী চার থেকে পাঁচ দিনে রাজ্যের তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন আবহবিদেরা। তাপমাত্রা বাড়তে পারে দুই থেকে চার ডিগ্রি।
পশ্চিমী ঝঞ্ঝা এবং নিম্নচাপ অক্ষরেখার কারণে ভরা বসন্তে রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছিল।কেবল দক্ষিণবঙ্গেই নয়, উত্তরের বিভিন্ন এলাকাতেও শিলাবৃষ্টি দেখা যায়।দুর্যোগের কারণে তাপমাত্রা কিছুটা কম হলেও ঝঞ্ঝা কেটে যাওয়ায় বসন্তের পারদ ফের ঊর্ধ্বমুখী।
